কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার এটিএম ফরহাদ চৌধুরী বলেছেন, ‘এই প্রলয়ঙ্কারী বন্যায় সরকারের পাশাপাশি বিভিন্ন ব্যক্তিগত ও বেসরকারি উন্নয়ন সংস্থাও মানুষের বিপদে এগিয়ে এসে পাশে দাঁড়িয়েছে। তেমনি হাওরপাড়ের জনপদ কুলাউড়ার বন্যাদুর্গত মানুষের সেবায় বেসরকারি উন্নয়ন সংস্থা আরডিআরএসের এ উদ্যোগও জনহিতকর কাজে সরকারের অংশীদার হবার দাবি রাখে।’

তিনি কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নে ত্রাণ বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুর রব মাহবুবের সভাপতিত্বে এ ত্রাণ বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আরডিআরএস বাংলাদেশের হেড অব ডেভেলপমেন্ট প্রোগ্রামস মুহাম্মদ আব্দুস সামাদ।


মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার চারটি ইউনিয়নে গত বৃহস্পতিবার বন্যাদুর্গত সহস্রাধিক পরিবারকে ত্রাণসামগ্রী দিয়েছে আরডিআরএস বাংলাদেশ। ‘বন্যাদুর্গত মানুষের সেবায় আরডিআরএস বাংলাদেশ’ এ শ্লোগানে সংস্থার জরুরি পদক্ষেপের অংশ হিসেবে অস্ট্রেলিয়াভিত্তিক দাতাসংস্থা এলডাব্লিউএফর অর্থায়নে আসন্ন ঈদের প্রাক্কালে এ মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়। কুলাউড়ার ৪ ইউনিয়নের প্রায় ১৪শ পরিবারের অসহায় ও হতদরিদ্রদের মাঝে এ ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। ভূকশিমইল, কাদিপুর, ব্রাহ্মণবাজার ও জয়চন্ডীতে এসব ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

বিতরণকৃত প্যাকেজসমুহের মধ্যে ছিল শুকনো খাবার, শিশুখাদ্য, পানি, হাইজিন, স্যানিটেশনসহ জীবন রক্ষাকারী কিছু প্রয়োজনীয় উপকরণ। সকাল থেকে দিনব্যাপী পৃথক পৃথক স্পটে চলমান এ জরুরী ত্রাণসামগ্রী বিতরণ কার্যক্রম চলাকালে জয়চন্ডী ইউপি চেয়ারম্যান আব্দুর রব মাহবুব, কাদিপুর ইউপি চেয়ারম্যান জাফর আহমদ গিলমান, ব্রাহ্মণবাজার ইউপি চেয়ারম্যান মমদুদ হোসেনসহ স্থানীয় ইউপি সদস্য ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এছাড়াও আরডিআরএস বাংলাদেশের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সুচনা প্রকল্প সমন্বয়কারী মো. ফারাজদুক ভুঁঞা, আর্লি লার্ণারস প্রকল্প সমন্বয়কারী মোহাম্মদ জিল্লুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/আরআই-কে