ফাইল ছবি
সিলেট সিটি করপোরেশ (সিসিক) এলাকায় দ্রুততার সঙ্গে কোরবানির বর্জ্য অপরাসরেণর উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে কর্তৃপক্ষ। মহানগরীজুড়ে প্রায় ১৪শ’ পরিচ্ছন্নতাকর্মী বর্জ্য অপসারণে কাজ করবেন। অপসারণ কাজ তদারকি করবে ১১টি টিম।
সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী এসব তথ্য জানিয়েছেন।
মেয়র আরিফ বলেন, ‘আগের বছরগুলোর ধারাবাহিকতায় এবারও আমরা ২৪ ঘন্টার মধ্যে কোরবানির সমস্ত বর্জ্য অপসারণ করতে চাই। এজন্য নগরবাসীর সহযোগিতাও প্রয়োজন। আমরা সবাইকে আহবান জানাচ্ছি, সবাই যেন নির্ধারিত স্থানে কোরবানি দেন এবং যেখানে-সেখানে বর্জ্য না ফেলেন। বিশেষ করে ড্রেন, ছড়া বা নদীতে বর্জ্য যাতে ফেলা না হয়।’
সিসিক মেয়র জানান, রোববার সকাল ৬টা থেকে সিসিকের অন্তত ১৪শ’ পরিচ্ছন্নতাকর্মী মাঠে নামবেন। কাজের সুবিধার্তে নগরীকে চারটি জোনে ভাগ করে দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে। অর্ধশতাধিক ট্রাকের মাধ্যমে বর্জ্য অপসারণ করা হবে।
আরিফ বলেন, ‘সিসিকের কাউন্সিলর, বিভিন্ন বিভাগ ও শাখার কর্মকর্তা-কর্মচারীগণ বর্জ্য অপসারণ কাজের তরদারকি করবেন। সুষ্ঠুভাবে বর্জ্য অপসারণ করা হচ্ছে কিনা, তা তদারকি করতে ১১টি মনিটরিং টিম গঠন করা হয়েছে ‘
এদিকে, কোরবানির বর্জ্য অপসারণের পর জীবাণুমুক্ত করার পদক্ষেপও আছে সিসিকের। এজন্য জীবাণুনাশক ছিটানো হবে বলে জানিয়েছেন মেয়র।
সিলেটভিউ২৪ডটকম/আরআই-কে




