সুনামগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক পদে পদোন্নতিপ্রাপ্ত বিদায়ী কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরীকে মৌলভীবাজার-২ কুলাউড়া আসনের সংসদ সদস্য’র পক্ষ থেকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শুক্রবার রাতে কুলাউড়া শহরের এমপি অফিসে আয়োজিত বিদায় অনুষ্ঠানে এমপি সুলতান মনসুর বিদায়ী ইউএনওর কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করে বলেন, কুলাউড়া থেকে পদোন্নতি পেয়ে তিনি বদলি হয়েছেন। এতে তার কাজের আরও প্রসার বৃদ্ধি পেয়েছে।
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, দেশের যেখানেই যাবেন সেখানেই কুলাউড়ার মতো সুনাম অর্জন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন বাস্তবায়নে ও মানুষের কল্যাণে সুষ্ঠু দায়িত্ব পালন করে যাবেন।
ইউএনও এটিএম ফরহাদ চৌধুরী বলেন, কুলাউড়ায় তার দায়িত্বকালীন সময়ে জাতীয় নেতা, সাবেক ডাকসু ভিপি সুলতান মোহাম্মদ মনসুর আহমদ এমপির সু-পরামর্শ ও সহযোগিতা পেয়ে কুলাউড়ার মানুষের সেবা প্রদানে আপ্রাণ চেষ্টা করেছেন।
কুলাউড়ায় দীর্ঘ দু’বছরের অধিককাল জাতীয় পর্যায়ে এ ধরনের নেতার সহযোগিতায় দায়িত্ব পালনের সুযোগ পেয়ে তিনি গর্বিত উল্লেখ করে বলেন, আগামীতে যেকোনো কাজে তিনি যেন তার সহযোগিতা থেকে বঞ্চিত না হন।
সভায় আরও বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমান, এমপির উপদেষ্টা মন্ডলীর সভাপতি নওয়াবজাদা আলী ওয়াজেদ খান বাবু।
সভাশেষে সুলতান মনসুর এমপি ফুলের তোড়া দিয়ে ইউএনও এটিএম ফরহাদ চৌধুরীকে বিদায় এবং নবাগত উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মেহেদী হাসান, কুলাউড়া উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. ফেরদৌস আক্তার, কুলাউড়া থানার ওসি মো. আব্দুছ ছালেক, উপজেলা প্রকৌশলী মো. আমিনুল ইসলাম মৃধা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাখাওয়াত আহমদকে বরণ করেন।
অনুষ্ঠানে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. জাকির হোসেনসহ সরকারি বিভিন্ন কর্মকর্তা, সুধী নেতৃবৃন্দ ও এমপি অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সিলেটভিউ২৪ডটকম/সবি/ইআ




