এ বছর পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে সারা দেশে কোরবানি করা গবাদিপশুর সংখ্যা ৯৯ লাখ ৫০ হাজার ৭৬৩টি বলে জানিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।
সোমবার (১১ জুলাই) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. ইফতেখার হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত বৃহস্পতিবার রাজধানীর ফার্মগেটে প্রাণিসম্পদ অধিদপ্তরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কোরবানির পশুর চাহিদা নিরূপণ, সরবরাহ ও অবাধ পরিবহন নিশ্চিত করা নিয়ে আন্তঃমন্ত্রণালয় সভায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেন, এ বছর দেশে কোরবানিযোগ্য গবাদিপশুর সংখ্যা ছিলো ১ কোটি ২১ লাখ। গত বছরের তুলনায় এই সংখ্যা প্রায় ২ লাখ বেশি।
প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, গত বছর ঈদুল আযহায় সারা দেশে মোট ৯০ লাখ ৯৩ হাজার গবাদিপশু কোরবানি হয়েছিল। এ বারও চাহিদার চেয়ে বেশি পশু আছে বলে জানানো হয়।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বলেন, কোরবানিযোগ্য অনেক পশু রয়েছে। সংশয়ের কোনো কারণ নেই। রোগাক্রান্ত পশু হাটে বিক্রি করা যাবে না।
সিলেটভিউ২৪ডটকম / বাংলানিউজ / ডি.আর




