গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ইতিহাস গড়লো শ্রীলঙ্কা ক্রিকেট দল। এতোদিন ধরে যা পারেনি আর কোনো দল, সেটিই করলো দিমুথ করুনারাত্নের দল। অস্ট্রেলিয়াকে ইনিংস ও ৩৯ রানের ব্যবধানে হারিয়ে ১-১ ব্যবধানে সিরিজ শেষ করলো লঙ্কানরা।

 


এর আগে নিজেদের টেস্ট ইতিহাসে প্রথম ইনিংসে অন্তত ৩৫০ রান করার পর কখনও ইনিংস ব্যবধানে হারেনি অস্ট্রেলিয়া। কিন্তু গল টেস্টে প্রথম ইনিংসে ৩৬৪ রান করেও দ্বিতীয় ইনিংসের ব্যাটিং ব্যর্থতায় বিব্রতকর হারের মুখ দেখলো প্যাট কামিন্সের দল।

 

শ্রীলঙ্কার এ ঐতিহাসিক জয়ের নায়ক অভিজ্ঞ ব্যাটার দিনেশ চান্দিমাল ও অভিষিক্ত বাঁহাতি স্পিনার প্রবাথ জয়াসুরিয়া। দুজনই গড়েছেন রেকর্ড। অস্ট্রেলিয়ার ৩৬৪ রানের জবাবে শ্রীলঙ্কা করে ৫৫৪ রান। দ্বিতীয় ইনিংসে ১৫১ রানে অলআউট হয়ে হেরে গিয়েছে অসিরা।

 

আগেরদিন ১১৮ রানে অপরাজিত ছিলেন চান্দিমাল। সেখান থেকে আজ লেজের সারির ব্যাটারদের নিয়ে নিজের নামের পাশে যোগ করেছেন আরও ৮৮ রান। মিচেল স্টার্কের বলে বিশাল এক ছক্কা হাঁকিয়ে ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি পূরণ করেছেন তিনি।

 

পাশাপাশি অস্ট্রেলিয়ার বিপক্ষে শ্রীলঙ্কার প্রথম ব্যাটার হিসেবে ডাবল সেঞ্চুরির রেকর্ডও গড়েছেন লঙ্কানদের এ অভিজ্ঞ ব্যাটার। শেষ পর্যন্ত ১৬ চার ও পাঁচটি ছয়ের মারে ৩২৬ বলে ২০৬ রানে অপরাজিত থাকেন চান্দিমাল। অফস্পিনার রমেশ মেন্ডিস করেন ২৯ রান।

 

চান্দিমালের রেকর্ড ডাবল সেঞ্চুরির পর আরও বড় রেকর্ডের জন্ম দেন অভিষিক্ত বাঁহাতি স্পিনার প্রবাথ জয়াসুরিয়া। প্রথম ইনিংসে ৬ উইকেট নিয়েছিলেন জয়াসুরিয়া। দ্বিতীয় ইনিংসেও অস্ট্রেলিয়ার ছয় ব্যাটারকে সাজঘরের পথ দেখিয়েছেন ৩০ বছর বয়সী এ স্পিনার।

 

যার সুবাদে শ্রীলঙ্কার হয়ে অভিষেক টেস্টে সেরা বোলিংয়ের রেকর্ডও নিজের করে নিয়েছেন জয়াসুরিয়া। ম্যাচে ১৭৭ রানে ১২ উইকেট নিলেন তিনি। গতবছর বাংলাদেশের বিপক্ষে পাল্লেকেলে টেস্টে নিজের অভিষেকে ১৭৮ রানে ১১ উইকেট নিয়েছিলেন আরেক বাঁহাতি স্পিনার প্রবীণ জয়াবিক্রম।

 

এছাড়া সবমিলিয়ে বিশ্বের মাত্র পঞ্চম বোলার হিসেবে অভিষেক টেস্টে ১২ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখালেন জয়াসুরিয়া। তার আগে এটি করেছেন ইংল্যান্ডের ফ্রেড মার্টিন (১২), অস্ট্রেলিয়ার বব মাসি (১৬), ভারতের নরেন্দ্র হিরওয়ানি (১৬) ও অস্ট্রেলিয়ার জেসন ক্রেজা (১২)।

 


সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এসডি-১৪


সূত্র : জাগোনিউজ