গোপনে দেশ ছেড়ে সংযুক্ত আরব আমিরাতে যেতে স্ত্রীসহ কলম্বো আন্তর্জাতিক বিমানবন্দরে এসেছিলেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। তবে বিমানবন্দরের কর্মকর্তা-কর্মচারীদের ‘অসহযোগিতার’ কারণে শেষ পর্যন্ত আর যাওয়া হয়নি তার।
বার্তাসংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, আমিরাতে যাওয়ার উদ্দেশে মঙ্গলবার দুপুরের দিকে স্ত্রীকে নিয়ে কলম্বো আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন গোতাবায়া এবং আমিরাতগামী কোনো একটি ফ্লাইটের ভিআইপি স্যুট বরাদ্দ করার নির্দেশ দেন।
বিমানবন্দরের কর্মকর্তারা তাকে উড়োজাহাজের ভিআইপি স্যুট দিতে অপারগতা জানান। সাধারণ মানুষের লাইনে দাঁড়িয়ে বিমানে ওঠার বিকল্প অবশ্য তার সামনে ছিল, কিন্তু দেশের জনগণ তার ওপর অতিমাত্রায় ক্ষুব্ধ থাকায় সেই লাইনে দাঁড়ানোর সাহস করেননি তিনি।
সোমবার রাতে বিমানবন্দরের নিকটবর্তী একটি সামরিক ঘাঁটিতে ছিলেন গোতাবায়া। তবে মঙ্গলবার বিমানবন্দর ত্যাগের পর তিনি কোথায় আছেন, সে সম্পর্কিত কোনো তথ্য পাওয়া যায়নি।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এসডি-০৭
সূত্র : ঢাকাপোষ্ট




