পবিত্র ঈদুল আযহা উপলক্ষে আল্লাহর সন্তুটি লাভের লক্ষ্যে পশু কোরবানি দেয়া হয়। এ লক্ষে একটি গরু কিনেছিলেন সিলেটের জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ মশিউর রহমান চৌধুরী। কিন্তু গরুটি ঈদের দিন রোববার সকালেই আদালত চত্বর থেকে চুরি হয়। ফলে কোরবানি দেয়া হয়নি বিচারক মশিউর রহমান চৌধুরীর।

 


বৃহস্পতিবার থেকে ঈদের ছুটি থাকায় বিষয়টি জানাজানি হয়নি। তবে মঙ্গলবার আদালতের কার্যক্রম পুনরায় শুরু হওয়ায় কোরবানির পশু চুরির ঘটনা সামনে চলে আসে। এ ঘটনায় মামলা দায়ের হলে তদন্তে নেমেছে পুলিশ। 

 

গরু চুরির তথ্য দিয়ে সিলেটের সরকারি কৌঁসুলি (জিবি) রাজ উদ্দিন বলেন, ‘বিচারকসহ অন্যরা আদালত চত্বরে গরুটি রেখে ঈদের জামাতে গিয়েছিলেন। কিন্তু এসে দেখেন গরুটি নেই। এটি খুবই আশ্চর্যজনক ঘটনা। আদালত চত্বর থেকে কীভাবে একটি গরু চুরি হয়ে গেল তার কোনো হদিস পাওয়া গেল না।’

 

মঙ্গলবার এ ঘটনা নিয়ে আদালত চত্বরে আলাপ আলোচনা হচ্ছিল বলেও জানান রাজ উদ্দিন।


ঘটনার সত্যতা নিশ্চিত করে এসএমপির কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ আলী বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

 

সিলেটভিউ২৪ডটকম/জেপি