সিলেটে এক নারীকে স্ত্রীর মর্যাদা না দিয়ে উল্টো ভাড়াটে লোক দিয়ে তার উপর হামলার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে।
অভিযুক্ত সৈয়দ হাফিজুর রহমান সোহাগ (৩২) সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর গ্রামের বাদশা মিয়ার ছেলে। তার বিরুদ্ধে বিস্তর অভিযোগ এনে নির্যাতিতা জেসমিন আক্তার ববিতা (৩০) ইতিপূর্বে থানায় মামলা দায়ের ও মানবাধিকার কমিশনে অভিযোগ দায়ের করেছেন। এছাড়াও সোহাগ ভাড়াটে মানুষ দিয়ে তার উপর হামলার অভিযোগ করেছেন ববিতা। তিনি বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
ববিতা দায়ের করা মামলা ও অভিযোগ সূত্রে জানা যায়, ২০১০ সালে মো. খােকন মিয়া নামক এক ব্যক্তির সঙ্গে তার পারিবারিকভাবে বিয়ে হয়। পরে খোকন ও ববিতার ঘরে এক কন্যা সন্তানের জন্ম হয়। বর্তমানে সন্তানটির বয়স ৮ বছর। বিয়ের পর পারিবারিকভাবে পরিচিত সৈয়দ হাফিজুর রহমান সোহাগ প্রায় সময় উত্যক্ত করতেন ববিতাকে। ববিতা বিষয়টি এড়িয়ে চললে সোহাগ তাকে নানাভাবে প্রলােভন দিতে থাকে। একপর্যায়ে কোনো এক বিষয় নিয়ে স্বামীর সঙ্গে ববিতার পারিবারিক বিরােধের সৃষ্টি হলে সোহাগের প্রলোভনে পড়ে ববিতা খোকনকে তালাক দিয়ে সোহাগের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। তবে তাকে প্রলোভন দিলেও সোহাগ বিয়ে না করে নানা টালবাহানা করতে থাকে। একপর্যায়ে ববিতা তাকে বিয়ের চাপ দিলে কৌশলে সোহাগ তাকে নগরীর সাগরদিঘীরপাড়ের ১৪/৬ নং বাসায় নিয়ে গিয়ে পানীয়ের সঙ্গে অবচেতন করার ওষুধ মিশিয়ে খাইয়ে তাকে ববিতাকে ধর্ষণ করে এবং এসব দৃশ্য মোবাইল ফোনে ধারণ করে। এরপর শ্রীমঙ্গলে একটি রিসোর্টে নিয়ে গিয়ে ফের ধর্ষণ করে সোহাগ। এর ফলে ববিতা গর্ভবতী হয়ে পড়লে সোহাগের চাপে পর পর দুইবার গর্ভপাত করেন।
সোহাগের প্রতারণার বিষয়টি বুঝতে পেরে অবশেষে ববিতা আইনের আশ্রয় নিলে সোহাগ ফের প্রতারণার আশ্রয় নেয়। ২০১১ সালের ১৮ সেপ্টেম্বর ববিতার বাসায় গিয়ে বিষয়টি মিমাংসা করে বিয়ের প্রলোভন দেন সোহাগ। কিন্তু পরবর্তীতে বিয়ে না করেই ববিতাকে ফাঁকি দিযে সোহাগ যুক্তরাজ্যে চলে যান এবং এ পর্যন্ত ববিতা আর তার সন্তানের কোনো খোঁজখবর নেননি। বরং এ বিষয়ে কথা বললে ববিতাকে ধর্ষণের ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেবেন বলে সোহাগ ফোনে হুমকি দিতে থাকেন।
এ অবস্থায় ববিতা গত মঙ্গলবার আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও আইন সহায়তা কেন্দ্র (আসক)-এর সিলেট কার্যালয়ে লিখিত অভিযোগ দায়ের করে বাসায় ফেরার পথে তার উপর হামলার ঘটনা ঘটে।
ববিতার অভিযোগ- সোহাগ বিদেশ থেকে ভাড়াটে লোক দিয়ে তার হামলা করিয়েছেন। এ ঘটনায় ববিতা গুরুতর আহত হয়ে ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন। এ বিষয়ে তিনি থানায় মামলা দায়ের করবেন বলে জানিয়েছেন।
সিলেটভিউ২৪ডটকম / ডালিম




