ছবি : আহমেদ শাহিন
সিলেটের একমাত্র করোনা ডেডিকেটেড স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ডা. শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের ট্রান্সফরমার আজ বৃহস্পতিবার (১৪ জুলাই) থেকে নষ্ট রয়েছে। ফলে রোগীদের স্বাস্থ্যসেবা প্রদান কিছুটা ব্যাহত হচ্ছে। এ বিষয়ে স্বাস্থ অধিদপ্তর বিভাগীয় কার্যালয় থেকে বিদ্যুৎ বিভাগকে চিঠির মাধ্যমে জানানো হয়েছে।
শামসুদ্দিন হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মো. মিজানুর রহমান সিলেটভিউ-কে জানান, আজ (বৃহস্পতিবার) সকাল থেকে হাসপাতালের নির্দিষ্ট ট্রান্সফরমারটি বিকল হয়ে গেছে। পরে বিকল্প একটি সঞ্চালন লাইন ও জেনারেটর দিয়ে বিদ্যুৎ ব্যবস্থা চালু রাখা হয়েছে। তবে লোডশেডিং এত বেশি যে- রোগীদের কষ্ট হচ্ছে এবং স্বাস্থ্যসেবাও খানিকটা ব্যাহত হচ্ছে।
তিনি জানান, করোনা টেস্টের রিপোর্টিয়ের জন্য নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থা থাকতে হয়। কিন্তু আজ ট্রান্সফরমার নষ্ট হওয়ায় সে কাজে ব্যাঘাত ঘটছে।
এ বিষয়ে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সিলেটের তত্বাবধায়ক প্রকৌশলী সোহেল আহমদ চৌধুরী বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় সিলেটভিউ-কে বলেন, আমরা সকালেই বিষয়টি অবগত হয়েছি এবং খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সংশ্লিষ্টরা কাজ শুরু করে দিয়েছেন। আশা করছি- আর কয়েক ঘন্টার মধ্যে শামসুদ্দিন হাসপাতালের বিদ্যুৎ ব্যবস্থা পুরোপুরি স্বাভাবিক হয়ে যাবে।
সিলেটভিউ২৪ডটকম / ডালিম




