সিলেট নগরীর পূর্ব শাপলাবাগ এলাকায় বাসার গেইট ভেঙে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। এসময় নগদ টাকাসহ প্রায় ৪ লক্ষ টাকার বিভিন্ন ধরণের  গুরুত্বপূর্ণ মালামাল খােয়া গেছে।

গত রবিবার (১০ জুলাই) সন্ধ্যা থেকে শনিবার (১৬ জুলাই) দুপুর বারােটার মধ্যে যেকোনাে সময় এ ঘটনা ঘটে। 


 

এ ঘটনায় ভুক্তভােগী বিয়ানীবাজার উপজেলার পশ্চিম নয়াগ্রাম এলাকার কুনু মিয়ার পুত্র জামিল আহমদ (২৮) এসএমপির শাহপরান (রহঃ) থানায় একটি অভিযােগ দায়ের করেছেন।

 

অভিযােগ সূত্রে জানা যায়, গত রবিবার (১০ জুলাই) সন্ধ্যা ৬টায় নগরের শাহপরান (রহঃ) থানার পূর্ব শাপলাবাগ আ/এ, এর ২৪ নং বাসাটি তালাবদ্ধ করে গ্রামের বাড়ি বিয়ানীবাজারে যান অভিযােগকারী জামিল আহমদ। তিনি শনিবার (১৬ জুলাই) দুপুর ১২ টায় বাসায় এসে দেখেন বাসার প্রবেশের মূল গেইটের তালা ভাঙ্গা এবং বাসার মূল দরজা ভাঙ্গা। সঙ্গে সঙ্গে বাসায় প্রবেশ করে দেখেন বাসার সবকিছু এলােমেলাে এবং ৩টি চেস্ট ড্রয়ার, ২টি ওয়ারড্রোব ও ২টি আলমারীর লক ভাঙ্গা ও খােলা। তখন বাসার সককিছু পর্যবেক্ষন করে দেখেন নগদ ৫০ হাজার টাকাসহ প্রায় ৩ লক্ষ ৭৬ হাজার টাকার কাপড় চোপড়, ২টি ডেক্সটপ কম্পিউটার, ১টি ল্যাপটপ ও ৩৫০ কেজি ওজনের একটি ভল্ট এবং জন্টের ভিতরে রাখা জরুরী দলিল সমূহ, ১০০ ইউ এস ডলার ও ৫০ পাউন্ড, সামস্যাং ব্যান্ডের ৪২ ইঞ্চি সাইজের একটি স্মার্ট এলইডি টিভি, শাওমী স্মার্ট টিবি বক্স, মাইক্রোওয়েব ওভেন, টোস্টার ও ব্লেন্ডার সহ বিভিন্ন জিনিসপত্র চুরি করে নেয়। এতে প্রায় ৩ লক্ষ ৭৬ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

 


খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানিয়েছেন শাহপরান (রহঃ) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুল রহমান। তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।

 

সিলেটভিউ২৪ডটকম/জেপি