বন্যাকবলিত হয়ে ঢাকা-সুনামগঞ্জ পাইপাস সড়কের রেলক্রসিং থেকে সিলেটের দক্ষিণ সুরমার কামালবাজার হয়ে লিডিং ইউনিভার্সিটি পর্যন্ত রাস্তা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
পানি নেমে গেলেও এ রাস্তা দিয়ে যানবাহন চলাচলে বেশ অসুবিধা হয় এবং কয়েকটি জায়গায় অনেক ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করে।
সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটির শিক্ষার্থীসহ এলাকার লোকজনের চলাচলের সুবিধার্থে রেলক্রসিং থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত রাস্তা সাময়িকভাবে মেরামত করা হয়েছে লিডিং ইউনিভার্সিটির নিজস্ব উদ্যোগে। এ রাস্তাটি একটু নীচু হওয়ায় অল্প বৃষ্টি হলেই রাস্তায় পানি উঠে যায় এবং সহজেই তা ভেঙে গিয়ে যানবাহন চলাচলে অসুবিধা সৃষ্টি করে।
লিডিং ইউনিভার্সিটির পাঁচ হাজারের বেশি শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তাসহ এ এলাকার জনসাধারণের চলাচলের সুবিধার্থে এ রাস্তার মেরামত ও উন্নয়নে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. কাজী আজিজুল মাওলা।
তিনি রোববার (১৭ জুলাই) রাস্তাটি পরিদর্শন করেন এবং রাস্তার দ্রুত মেরামত করতে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানান।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-০২




