ভারতের কলকাতায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট চার ঘণ্টা আটকে ছিল। এ সময় ফ্লাইটের ভেতরে থাকা যাত্রীদের বের হতে দেওয়া হয়নি। ফলে ভয়ংকর এক যাত্রায় আটকা পড়েন তারা। এ নিয়ে তারা ক্ষোভও প্রকাশ করেছেন।
জানা গেছে, সোমবার স্থানীয় সময় রাত ৮টা ৩৫ মিনিটে কলকাতার নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিজি-৩৯৬ ফ্লাইটটির ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল।
শেষ পর্যন্ত ১২টা ৩৬ মিনিটে ফ্লাইটটি কলকাতা ছাড়ে। ২৮ মিনিট আকাশে ওড়ার পর ঢাকায় স্থানীয় সময় রাত ১টা ৩৪ মিনিটে শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে।
কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে জানা গেছে, স্থানীয় সময় রাত ৮টা ৩৫ মিনিটে কলকাতা থেকে বিমানের ফ্লাইটটির ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল। তবে ফ্লাইট ছাড়ার আগ মুহূর্তে কারিগরি ত্রুটির কথা জানানো হয় এবং বিলম্বে ছাড়বে বলা হয়।
ঘণ্টাখানেক পর ফ্লাইটটি আবারও ঢাকার উদ্দেশে রওনা হওয়ার প্রস্তুতি নেয়। তবে রানওয়েতে গিয়ে ফ্লাইটটি আবারও কারিগরি ত্রুটির কথা বলে উড্ডয়ন বাতিল করে বোর্ডিংয়ের কাছে ফিরে আসে। ফ্লাইটটিতে প্রায় দেড় শতাধিক যাত্রী ছিলেন। তাদের মধ্যে একজন গুরুতর অসুস্থ হয়ে পড়েন।
ফ্লাইটের যাত্রী শওকত হোসেন জানান, গ্রাউন্ড ইলেক্ট্রিসিটি না থাকায় এসি চলেনি, তাদের নামতে দেওয়া হয়নি না।
দীর্ঘ চার ঘণ্টা ফ্লাইটে আটকে থাকা যাত্রীরা ফেসবুকে তাদের দুঃসহ অভিজ্ঞতার কথা জানিয়েছেন। উল্কা হোসেন নামে এক যাত্রী তার অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে বলেন, কলকাতা থেকে দেশে আসার উদ্দেশে বিমান বাংলাদেশে ওঠার পাঁচ মিনিটের মাথায় ক্যাপ্টেন বললেন যান্ত্রিক ত্রুটির জন্য বিলম্ব হবে ! ওই অবস্থায় এসি কাজ করছিল না। লাইট অফ হয়ে যাচ্ছিল বারবার। গরমে আধমরা অবস্থা আমাদের সবার।
তিনি বলেন, এভাবে আমরা চার ঘণ্টা আটকে ছিলাম। এর মধ্যে ইঞ্জিনিয়ার তিনবার এসে ঠিকঠাক করে দেওয়ার পর ক্যাপ্টেন অতি দক্ষতার সঙ্গে বিমানের ১৮০ জন যাত্রী নিয়ে ঢাকা অবতরণ করলেন। আলহামদুলিল্লাহ্।
জাবেদ সুলতান পিয়াস নামে আরেক।যাত্রী লিখেছেন, কলকাতা থেকে ঢাকা। বিমানে। মাত্র পাঁচ ঘণ্টার রুদ্ধদ্বার যাত্রা। এসিও চালানো যাচ্ছিল না। দু-দুবার রানওয়ে থেকে ইঞ্জিনের ত্রুটির জন্য ফিরে আসে। অবশেষে ফিরলাম যাদুর শহরে।
কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরের স্টেশন ম্যানেজার জানান, ফ্লাইটটি কারিগরি ত্রুটির কারণে ঠিক সময়ে ছাড়তে পারেনি। একজন অসুস্থ হন বলে আমরা জানতে পারি। সংবাদ পেয়ে প্লেনের সামনে চিকিৎসক ও অ্যাম্বুলেন্স পাঠানো হয়। কিছুক্ষণ পর চিকিৎসক ঢুকে ওই রোগীকে প্রাথমিক চিকিৎসা দেন। ফ্লাইটটি ঢাকায় পৌঁছেছে।
সিলেটভিউ২৪ডটকম/আরআই-কে
সূত্র : ঢাকাপোস্ট




