সিলেট-ঢাকা মহাসড়কে ফের ঘটেছে ভয়ঙ্কর দুর্ঘটনা। এবার মহাসড়কটি একসঙ্গে কেড়ে নিয়েছে বাবা ও ছেলের প্রাণ। মঙ্গলবার (১৯ জুলাই) বেলা ১১টায় সিলেট-ঢাকা মহাসড়কের হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার কান্দিগাঁও নামক স্থানে পিকআপ ভ্যানের চাপায় বাবা ও ছেলে নিহত হয়েছেন।
নিহতরা হলেন- কান্দিগাঁও গ্রামের ইউসুফ আলী (৫০) ও তার ছেলে মোহাম্মদ আলী (৫)।
পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার বেলা ১১টার দিকে ইউসুফ আলী তার একমাত্র মোহাম্মদ আলীকে নিয়ে সিলেট-ঢাকা মহাসড়কের পাশে একটি দোকানে বিস্কুট কিনতে যান। এসময় হঠাৎ সড়ক পার হওয়ার জন্য মোহাম্মদ আলী দৌঁড় দেয়। ছেলেকে ধরার জন্য তার পেছনে ইউসুফ আলীও দৌঁড় দেন। এ সময় সিলেটগামী একটি দ্রুতগতির পিকআপ বাবা ও ছেলে দুজনকে চাপা দেয়। এতে মাথা থেঁতলে ঘটনাস্থলেই ছেলের মৃত্যু হয় এবং গুরুতর আহত ইউসুফ আলীকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর পিকআপটি দ্রুত পালিয়ে যায়।
নিহতদের পারিবারিক সূত্র জানায়, আগামী ২৪ জুলাই ব্রুনাইয়ে যাওয়ার কথা ছিলো ইউসুফ আলীর। কিন্তু এর আগেই দুর্ঘটনায় ছেলেসহ মারা গেলেন তিনি।
এদিকে, দুর্ঘটনার পর সিলেট-ঢাকা মহাসড়কে গাছ ফেলে অবরোধ করেন স্থানীয়রা। এতে ঘটনাস্থলের উভয়পাশে সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে শেরপুর হাইওয়ে থানার একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মহাসড়কের যান চলাচল স্বাভাবিক করে।
শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল চন্দ্র দেব দুর্ঘটনা ও মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
সিলেটভিউ২৪ডটকম / ডালিম




