কুলাউড়া উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে এনআরবিসি ব্যাংকের আর্থিক সহায়তা বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে কুলাউড়া এনআরবিসি ব্যাংকের উদ্যোগে ব্যাংক ভবনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আর্থিক সহায়তা বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুর রহমান খোন্দকার।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সরকার বন্যাসহ বিভিন্ন দুর্যোগকালীন সময়ে জনগণের পাশে রয়েছে। পাশাপাশি ব্যাংকসহ বিভিন্ন বেসরকারি সংস্থা মানব কল্যাণে কাজ করে। এতে দুর্যোগকালীন অসহায় মানুষ বিভিন্নভাবে উপকৃত হয়।
ব্যাংক ম্যানেজার মো. আতিকুল ইসলাম মানিকের সভাপতিত্বে ও অপারেশন ম্যানেজার এনাম উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- কুলাউড়া থানার ওসি মো. আব্দুছ ছালেক, উপজেলা আওয়ামী লীগের সম্পাদক আসম কামরুল ইসলাম, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, কুলাউড়া ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সাউথইস্ট ব্যাংক ম্যানেজার মো. আব্দুর রব, ব্যাংকের জোনাল ইনচার্জ মুন্সিবাজার শাখা ম্যানেজার আলা উদ্দিন সাব্বির, সদর ইউপি চেয়ারম্যান মোছাদ্দিক আহমদ নোমান, ব্যবসায়ী কল্যাণ সমিতির সম্পাদক এম আতিকুর রহমান আখই।
ম্যানেজার আতিকুল ইসলাম মানিক জানান, সাম্প্রতিক বন্যায় কুলাউড়ার বিভিন্ন ইউনিয়নের মানুষ বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব ক্ষতিগ্রস্তদের মাঝে বন্যাকবলিত এলাকার ২শত পরিবারের মধ্যে জনপ্রতি ১ হাজার টাকা করে ২ লাখ টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপকারভোগী ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সিলেটভিউ২৪ডটকম/এসআরএসি/এসডি-১৫




