মৌলভীবাজারের কমলগঞ্জে মদনমোহনপুর চা বাগানের খ্রিস্টান লাইনের মিশনারী কমিউনিটি স্কুলের শিক্ষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৩ জুলাই) দুপুরে হাজারিবাগ গারো টিলার খ্রিস্টান পল্লীর একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, খ্রিস্টান পল্লীর আমেন আমরোশ মান্ডা ও সাবেক ইউপি সদস্যা পারুল কুরাইয়ার বড় ছেলে আদিবাসী রঞ্জিত রাফায়েল মান্ডা (৩৭) তার বন্ধু পৌলিনুস মান্ডার ছেলের জন্মদিনের অনুষ্ঠানে গিয়েছিলেন বৃহস্পতিবার (২১ জুলাই)। কর্মস্থল মদনমোহনপুর চা বাগানের মিশনারী কমিউনিটি স্কুল থেকে নিজের বাইক নিয়ে ওই গেছেন। তার স্ত্রী মিশনারী স্কুলের শিক্ষিকা ট্রেনিংয়ে রাজশাহীতে রয়েছেন।


পরে বন্ধু পৌলিনুস মান্ডার বাড়ির পুকুরে ভাসমান অবস্থায় মিলে রঞ্জিতের মরদেহ। খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার মর্গে প্রেরণ করছে পুলিশ। রঞ্জিতের মৃত্যু দেহ বিকৃত হলেও তার ঘাড়ে আঘাত ও দাঁত ছিলো ভাঙ্গা। মুখমন্ডল ও চোখে আঘাতের চিহ্ন স্পষ্ট ছিল। রঞ্জিতের ব্যবহৃত মোটরসাইকেল তার বন্ধু পৌলিনুস মান্ডার আঙিনায় পাওয়া যায়। তার ঘরে ছিল তার ব্যবহৃত মোবাইল ফোন এবং সাইট ব্যাগ।

রঞ্জিতের মা স্থানীয় মাধবপুর ইউনিয়নের সাবেক ইউপি সদস্যা পারুল কুরাইয়া বলেন, ‘আমার ছেলেকে মেরে ফেলা হয়েছে। এ কথা বলেই জ্ঞান হারান তিনি।’

পানিতে ডুবে রঞ্জিতের মৃত্যুর ঘটনাটি স্থানীয়রা রহস্যজনক বলে মনে করছেন। ওসি ইয়ারদৌস হাসান বলেন, এ বিষয়ে পুলিশী তদন্ত চলছে। জন্মদিনের অনুষ্ঠানে যারা ছিলেন তাদের সাথে কথা বলে ঘটনার কারণ জানার চেষ্টা করছে পুলিশ।


সিলেটভিউ২৪ডটকম/জেএ/পিডি