হবিগঞ্জের মাধবপুর উপজেলার আইলাবই গ্রামের শিশু তাকমিনা আক্তার লিজা (৯) হত্যা মামলার রহস্য উদঘাটনের ৫ মাস পর প্রধান আসামী তাকবীর হাসান (২০) কে খুলনা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তাকবীর হাসান আইলাবই এলাকার সাইদুর রহমান ওরফে মন মিয়ার পুত্র। শনিবার (২৩ জুলাই) বিকেল ৩টার দিকে খুলনা জেলার খালিসপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

 


তাকবীর হাসান ঘটনার পর থেকে খুলনা পালিয়ে গিয়ে একটি চায়ের দোকানে কাজ নেয়ে। পিবিআই তথ্য প্রযুক্তির মাধ্যমে তার অবস্থান নিশ্চিত হয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। (২৪ জুলাই) রোববার সন্ধ্যায় গ্রেফতারকৃত আসামী তাকবীর হাসান হত্যার দায় স্বীকার করে হবিগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। 

 

আদালতের বরাত দিয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আব্দুল আহাদ জনান, আসামী তাকবীরের সাথে একই গ্রামের জনৈক এক মেয়ের প্রেমের সম্পর্ক ছিল। সম্পর্ক চলাকালীন সময় একদিন সন্ধ্যায় তারা দেখা করতে গেলে ভিকটিম লিজা তাদেরকে একত্রে দেখে ফেলে। ভিকটিম লিজা আক্তার ঘটনাটি তার মাকে জানিয়ে দেয়। 

 

এর পর থেকে মেয়েটির সাথে তাকবিরের প্রেমের সম্পর্ক নষ্ট হয়ে যায়। এই ঘটনায় আক্রোশান্বিত হয়ে আসামী তাকবীর হাসান গত বছরের ২১ জুলাই সকাল ৭টায় শিশু লিজাকে গলা টিপে হত্যা করে। পরে তার মরদেহ বাড়ির পার্শ্ববর্তী একটি বাঁশ ঝাড়ে ফেলে রেখে আত্মগোপনে চলে যায় তাকবীর। লাশ উদ্ধারের পর লিজার পিতা বাদী হয়ে মাধবপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। 

 

সিলেটভিউ২৪ডটকম/জাচৌ/ইআ