দেশের উত্তর-পূর্বাঞ্চলের গণমানুষের কণ্ঠস্বর সিলেটভিউ২৪ডটকম সরকারি নিবন্ধনের সনদ পেয়েছে। আজ মঙ্গলবার দুপুরে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে এই সনদ প্রদান করা হয়।
সিলেটভিউ২৪ডটকম-এর সম্পাদক মোহাম্মদ শাহ্ দিদার আলম চৌধুরী নবেলের পক্ষে ঢাকা অফিসের ব্যুরো প্রধান খলিলুর রহমান স্টালিন মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা মো. রেজুয়ান খানের কাছ থেকে নিবন্ধন সনদ গ্রহণ করেন। সিলেটভিউ’র সরকারি নিবন্ধন সনদ নং ১২২।
শাহ্ দিদার আলম চৌধুরী নবেলের সম্পাদনায় ২০১৩ সালের ১ জানুয়ারি যাত্রা শুরু করে সিলেটভিউ২৪ডটকম। শুরু থেকেই মুক্তিযুদ্ধ ও মুক্তচিন্তার ক্ষেত্রে আপোসহীন ভূমিকা নিয়ে পথ চলতে থাকে বৃহত্তর সিলেটের সর্ববৃহৎ এই অনলাইন সংবাদমাধ্যম। বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ, বিশ্লেষণমূলক সংবাদ প্রকাশ করে ক্রমেই এ অঞ্চলের মা, মাটি ও মানুষের বলিষ্ঠ কণ্ঠস্বরে রূপ নেয় সিলেটভিউ২৪ডটকম। দেশ ছাড়িয়ে বিদেশে-সর্বত্র এখন তথ্যবহুল ও যথার্থ সংবাদের সাথে সমুচ্চারিত হয় সিলেটভিউয়ের নাম।
বাংলাদেশ সরকার অনলাইন সংবাদমাধ্যমের নিবন্ধন কার্যক্রম শুরুর পর প্রয়োজনীয় প্রক্রিয়া মেনে নিবন্ধনের জন্য আবেদন করে সিলেটভিউ২৪ডটকম কর্তৃপক্ষ। গত ১৪ জুলাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রেস শাখা-১ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে সিলেটভিউ২৪ডটকম-কে নিবন্ধনের অনুমতি প্রদানের বিষয়টি জানানো হয়। নির্ধারিত ফি জমা দিয়ে ২০ দিনের মধ্যে নিবন্ধন সনদ গ্রহণ করতেও বলা হয় ওই বিজ্ঞপ্তিতে।
এরই প্রেক্ষিতে সব প্রক্রিয়া সম্পন্ন করে আজ মঙ্গলবার (২৬ জুলাই) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে নিবন্ধন সনদ গ্রহণ করেছে সিলেটভিউ২৪ডটকম।
নিবন্ধন সনদপ্রাপ্তির পর বস্তুনিষ্ঠ সাংবাদিকতার গতিধারা অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন সিলেটভিউ২৪ডটকম-এর সম্পাদক ও প্রকাশক মো. শাহ দিদার আলম চৌধুরী নবেল। এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘আনুষ্ঠানিকভাবে নিবন্ধন সনদ পেয়ে আমাদের দায়িত্ব আরো বেড়ে গেল। অতীতের মতোই সামনের দিনগুলোতেও আমরা নীতি-নৈতিকতা বজায় রেখে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে সংবাদ প্রকাশ করে যাবো। দেশের উত্তর-পূর্বাঞ্চলের মানুষের সুখ-দুঃখ, সমস্যা-সম্ভাবনা আরো বেশি করে তুলে ধরার চেষ্টা থাকবে আমাদের।’
নিবন্ধিত হওয়ার এই শুভক্ষণে তিনি সিলেটভিউ২৪ডটকম এর সকল পাঠক, লেখক, বিজ্ঞাপনদাতা ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা জানান।
সিলেটভিউ২৪ডটকম/আরআই-কে




