সুনামগঞ্জের দোয়ারাবাজারে নরসিংপুর-নোয়ারাই সড়ক পূর্ণ নির্মাণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

 


মঙ্গলবার (২৬ জুলাই) বিকাল সাড়ে ৫টায় বিভিন্ন সমাজসেবি সংগঠনের উদ্যোগে উপজেলার নরসিংপুর-নোয়ারাই সড়কের তছিমের ঢালা এলাকায় অনুষ্ঠিত বিশাল এ মানববন্ধনে অংশ নেন এলাকার সর্বস্তরের সহস্রাধিক জনতা।

 

এলাকার প্রবীণ মুরব্বি নরসিংপুর ইউনিয়নের চারবারের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমানের সভাপতিত্বে এবং এহসানুল হক সজীব ও এনামুল হক এনামের যৌথ পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন- প্রবীণ রাজনীতিবিদ আলতাফুর রহমান খসরু, নসকস উপদেষ্টা হাজি আতাউর রহমান, নসকস'র সাবেক সভাপতি ও আলমদিনা একাডেমির পরিচালক রফিকুর রহমান, ইউপি সদস্য সাজ্জাদুর রহমান, শামীম আহমেদ, ইশরাইল আলী, নরসিংপুর সিএনজি চালক সমিতির সভাপতি আলী আকবর, যুক্তরাস্ট্র প্রবাসী জামিল আহমেদ, ফখরুল ইসলাম, আব্দুর রউফ, মকবুল আহমদ, মোহাম্মদ আলী, নসকস সেক্রেটারী তোফাজ্জল হোসাইন, মকবুল হোসেন, পুষ্পায়ন সমাজ কল্যাণ সংস্থার সহসভাপতি আফম সালমান, সুনাইত্যা ইসলামী সমাজ কল্যাণ সংস্থার সভাপতি ফখর উদ্দিন, সুনামগঞ্জ জেলা অটো-টেম্পু, রিক্সা ড্রাইভার্স ইউনিয়নের সাবেক সেক্রেটারী আশিকুর রহমান, লাইফ শেয়ার’র সহসভাপতি মোশাহিদ রাফি, সুলতান আহমদ, লাভ ফর লাইফ সোসাইটির সভাপতি রেজাউল করিম আদনান, তারুণ্য সমাজ কল্যাণ সংস্থার সভাপতি সাইদুল ইসলাম সুমন, মোটর সাইকেল ড্রাইভার্স সমবায় সমিতির  সভাপতি জামাল উদ্দিন, কয়ছর আলী, ফয়সল আহমদ, শাহিনুল ইসলাম, আব্দুল কাইয়ুম প্রমুখ।

 

স্বাগত বক্তব্য রাখেন মাহবুবুল হক শামীম।

 

মানববন্ধনে বক্তারা বলেন, জেলা শহর সুনামগঞ্জ, বিভাগীয় শহর সিলেট ও রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় নরসিংপুর ইউনিয়নবাসীর যাতায়াতের একমাত্র ভরসা নরসিংপুর-নোয়ারাই সড়কটি। কিন্তু বিধি বাম! ভাগ্যের নির্মম পরিহাস! বর্তমান ডিজিটাল যুগে দেশব্যাপি যোগাযোগক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হলেও এ ক্ষেত্রে আমরা রয়েছি অনেক পিছিয়ে। আমরা আলোর নিচে আজ অন্ধকারে বসবাস করছি। আমাদের দূ:খ-দূর্দশা দেখার কেউ নেই। নির্বাচন এলেই উন্নয়নের নামে শুধুমাত্র আশ্বাস আর প্রতিশ্রুতিতেই সীমাবদ্ধ থাকে। মাত্র ৫ কিলোমিটার  সড়ক আজ আমাদের জন্য অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। গাড়ির চালকদের ঘামঝরা শ্রমে অর্জিত অর্থে স্থানে স্থানে জোড়াতালি দিয়ে কোনোমতে যানবাহন চলাচলে রাস্তাগুলোকে টিকিয়ে রাখছেন গত একযুগ ধরে। এদিকে সাম্প্রতিক স্মরণকালের ভয়াবহ বন্যায় ওই সড়কের সিঙ্গেরকাচ-বন্দরগাঁও এলাকায় বিশালাকার ভাঙনে যোগাযোগ ব্যবস্থা একেবারেই বিচ্ছিন্ন ছিল। কিন্তু এ অবস্থায় বসে থাকতে পারেননি গাড়িচালকরা। তাদের ব্যতিক্রমী উদ্যোগে তথায় সম্প্রতি একটি বাঁশ-কাঠের ব্রিজ তৈরি করে আপাতত চলাচলের পথ সুগম করা হয়। কিন্তু নিয়মিত ভাঙাচোরা ওই রাস্তায় এসব জোড়াতালিতে এভাবে আর ক‘দিন চলবে এটাই আজ প্রশ্নবিদ্ধ? কেননা সুদীর্ঘ দুই দশক ধরে ভাঙতে ভাঙতে রাস্তাটি এখন খানাখন্দে পরিণত হয়েছে। এ অবস্থায় মালামাল পরিবহন করাতো দূরের কথা, সিএনজি-অটোরিকশা চলাচল করাটাই দূষ্কর হয়ে পড়েছে। তাই জনভোগান্তি লাঘবে যোগাযোগক্ষেত্রে অনুকুল পরিবেশ ফিরিয়ে আনতে দীর্ঘ প্রতিক্ষিত নরসিংপুর-নোয়ারাই সড়কটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে সদকায়ে জারিয়া হিসাবে দ্রুত পূর্ণ নির্মাণের পদক্ষেপ নিতে স্থানীয় সংসদ সদস্যসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানিয়েছেন বক্তারা। অন্যথায় দাবি বাস্তবায়নে কঠোর আন্দোলনে মাঠে নামতে বাধ্য হবেন নরসিংপুর ইউনিয়নের সর্বস্তরের ভূক্তভোগী জনতা।

 

সিলেটভিউ২৪ডটকম/টিআই/এসডি-২৪