সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থী মো. বুলবুল আহমেদ (২২) খুনের ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে। একজনের কাছ থেকে পাওয়া তথ্যের সূত্র ধরে বাকি দুজনকে গ্রেফতার করা হয়।

আজ বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের উপকমিশনার মো. আজবাহার আলী শেখ।


গ্রেফতারকৃতরা হলেন- কামরুল ইসলাম (২২), আবুল হোসেন (১৮) ও মোহাম্মদ হাসান (১৮)। এর মধ্যে কামরুল ইসলামের বাড়ি শাহজালাল বিশ্ববিদ্যালয়ের পেছনের টিলাগাঁও এলাকায়। তিনি পেশায় রাজমিস্ত্রি। আজ বুধবার সকালে তাঁর বাড়ি থেকে বুলবুলের মোবাইল ও খুনে ব্যবৃহত ছোরা জব্দ করেছে পুলিশ।

আজবাহার আলী শেখ জানান, বুলবুল খুনের ঘটনায় গত সোমবার রাতে ও গতকাল মঙ্গলবার সকালে সন্দেহভাজন তিন ছিনতাইকারীকে আটক করা হয়েছিল। তন্মধ্যে একজন খুনে জড়িত থাকার কথা স্বীকার করে আরও দুজন জড়িত থাকার তথ্য দেন। পরে ওই দুজনকেও গ্রেফতার করা হয়েছে।

গত সোমবার (২৫ জুলাই) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বিশ্ববিদ্যালয়ের পাশে গাজী-কালুর টিলার পাশে (নিউজিল্যান্ড এলাকায়) ছুরিকাঘাত করা হয় শাবির লোক প্রশাসন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী বুলবুল আহমেদকে (২২)। তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বুলবুলের বাড়ি নরসিংদী সদরের নন্দীপাড়া গ্রামে। তিনি শাবির শাহপরান হলের ২১৮ নম্বর কক্ষে থাকতেন।

এ ঘটনায় সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানায় গতকাল মঙ্গলবার একটি হত্যা মামলা দায়ের করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন।

এদিকেম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক আখতারুল ইসলামকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সিলেটভিউ২৪ডটকম/আরআই-কে