সুনামগঞ্জের দোয়ারাবাজারে ধর্ষিত অন্তঃসত্ত্বা বাকপ্রতিবন্ধী এক কিশোরী মা হয়েছে। সোমবার (২৫ জুন) উপজেলার বাংলাবাজার ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে একটি ফুটফুটে কন্যাসন্তান প্রসব করে মেয়েটি। নবাগত সন্তানের দ্বায়ভার কে নেবে এ নিয়ে রাতদিন উদ্বিগ্নতায় কাটছে ভুক্তভোগী পরিবারের। 

স্থানীয় ও ভুক্তভোগীর পরিবার সুত্রে জানা যায়, উপজেলার বাংলাবাজার ইউনিয়নের ঝুঁমগাও খাসিয়াবাড়ি গ্রামের ষোড়শী বাকপ্রতিবন্ধি এক মেয়েকে প্রতিবেশি ওসমানের ছেলে  আবদুস ছাত্তার দীর্ঘদিন ধরে কুপ্রস্তাব দিয়ে আসছিল। ওই সুবাদে মাস দশেক আগে বাড়িতে একা পেয়ে নানা প্রলোভন দেখিয়ে বখাটে আবদুস ছাত্তার ওই বাকপ্রতিবন্ধী মেয়েকে ধর্ষণ করে। পরবর্তীতে একাধিকবার ধর্ষণের ফলে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে মেয়েটি। সম্প্রতি ঘটনাটি প্রকাশ পেলে গ্রাম-পঞ্চায়েতের চাপে দেড়লাখ টাকা দেনমোহর দিয়ে বিয়ে করে মেয়েটিকে ঘরে তুলে নেয়ার আশ্বাস দেয় ধর্ষক আবদুস ছাত্তার। পরে পঞ্চায়েতের সিদ্ধান্ত উপেক্ষা করে ঘটনা অস্বীকার করে এলাকা ছেড়ে গা ঢাকা দেয় লম্পট আবুস ছাত্তার। 


এদিকে, গত ১৬ মে ওই প্রতিবন্ধি কিশোরীর মা বাদী হয়ে দোয়ারাবাজার থানায় লম্পট আবদুস ছাত্তারের বিরুদ্ধে একটি মামলা রুজু করেন।কিন্তু অভিযুক্ত লম্পট আব্দুছ ছাত্তার আজও পুলিশের ধরাছোঁয়ার বাইরে।

ইউপি সদস্য আব্দুল কাদির বলেন, সম্প্রতি সালিশ বৈঠকে দেনমোহর নির্ধারণ করে বাকপ্রতিবন্ধি মেয়েটির সাথে অভিযুক্ত আব্দুস সাত্তারের বিয়ের সিদ্ধান্ত গৃহিত হয়।কিন্তু এর পরদিন অভিযুক্ত পরিবার সালিশ বৈঠকের সিদ্ধান্ত অমান্য করায় এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়। 

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই  শুপ্রাংশু দে দিলু জানান, মামলাটি তদন্তাধীন আছে।অভিযুক্ত আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে। 

 

সিলেটভিউ২৪ডটকম/তাই/ইআ