মৌলভীবাজারের জুড়ীতে ক্রেতা সেজে ইলেকট্রনিক্স পণ্যের দোকানে অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় অতিরিক্ত দামে ফ্যান, চার্জ লাইট, চার্জার ফ্যান ইত্যাদি পণ্য বিক্রি করায় দু'টি ব্যবসা প্রতিষ্টানকে ১১ হাজার টাকা জরিমানা করা হয়।
জুড়ী থানা পুলিশের সহায়তায় বুধবার দুপুরে জুড়ী শহরের বিভিন্ন প্রতিষ্টানে অভিযান চালানো হয়।
সাম্প্রতিক সময়ে অতিরিক্ত গরম ও লোডশেডিং এর কারণে ইলেকট্রনিক্স সামগ্রীর ব্যবসায়ীরা অতিরিক্ত দামে ফ্যান, চার্জ লাইট, চার্জার ফ্যান বিক্রয় করছেন এই ধরণের অভিযোগের প্রেক্ষিতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয় কর্তৃক আজকের অভিযান পরিচালিত হয়। অভিযানের আগে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মোবাইল টিম ক্রেতা সেজে ইলেকট্রনিক্স সামগ্রীর দাম যাচাই করে।
এসময় অতিরিক্ত দামে ইলেকট্রনিক্স পণ্য বিক্রয় করা, যথাযথভাবে ক্রয় ও বিক্রয় ভাউচার সংগ্রহ না করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে কামিনীগঞ্জ বাজারে জাপান ইলেকট্রনিক্সকে ৬ হাজার টাকা ও সনজয় লীলা ইলেকট্রনিক্সকে ৫ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিন বলেন, ইলেকট্রনিক্স সামগ্রীর ব্যবসায়ীরা চার্জার ফ্যানে ৮০০ থেকে ১ হাজার ৪০০ টাকা পর্যন্ত লাভ করেন, এটা অনুচিত।
সিলেটভিউ২৪ডটকম/এমএএল/এসডি-০৯




