শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র বুলবুল হত্যার ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি।

 


বুধবার বিকালে শিক্ষক সমিতি থেকে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. জহির বিন আলম।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৫ জুলাই সন্ধ্যা সাড়ে ৭টায়  বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের তৃতীয় বর্ষ প্রথম সেমিস্টারের মেধাবী ছাত্র মো. বুলবুল আহমেদ বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পার্শ্ববর্তী এলাকায় কতিপয় দুষ্কৃতিকারীর ছুরিকাঘাতে নিহত হয়।  শাহজালাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি উক্ত হত্যাকান্ডের ঘটনায় গভীরভাবে শোকাহত ও মর্মাহত। আমরা মহান সৃৃষ্টিকর্তার কাছে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করছি।

 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আমরা শাবি শিক্ষক সমিতি উপরিউক্ত অনাকাঙ্ক্ষিত ঘটনায় জড়িতদের দ্রুততম সময়ের মধ্যে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা এবং একই সাথে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরের নিরাপত্তা বৃদ্ধির জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন সহ সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাচ্ছি।

 


সিলেটভিউ২৪ডটকম/এনএম/এসডি-২৪