নিহত বুলবুল

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র মাে. বুলবুল আহমেদের নিহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে লোকপ্রশাসন বিভাগ। বুধবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে ওই বিভাগের পক্ষ থেকে শোক প্রকাশ করেন বিভাগের প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ শফিকুল ইসলাম। বুলবুল ওই বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। 


শোক বার্তায় বলা হয়, ‘বুলবুল আহমেদ বিশ্ববিদ্যালয়ের গাজীকালুর টিলার পার্শ্ববর্তী এলাকায় কতিপয় দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত হয়। উক্ত হত্যাকান্ডের ঘটনায় লোক প্রশাসন পরিবার গভীরভাবে শােকাহত ও মর্মাহত। আমরা বুলবুলের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাঁর শােকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করছি।’
‘লোক প্রশাসন পরিবারের সকল সদস্য উক্ত অনাকাঙ্ক্ষিত ঘটনায় জড়িতদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতকরণ এবং ক্যাম্পাসের অভ্যন্তরে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর নিকট জোর দাবি জানাচ্ছি।’



এর আগে গত ২৫ জুলাই সন্ধ্যা সাড়ে ৭টায় নিজ ক্যাম্পাসে গাজী কালুর টিলায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে বুলবুল নিহত হন বলে পুলিশ জানায়। এ পর্যন্ত ৩ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে বুধবার সন্ধ্যায় আদালতে ১৬৪ ধরায় জবানবন্দি দিয়েছে প্রথম গ্রেপ্তার হওয়া আসামি আবুল (১৯)। আদালত জবানবন্দি লিপিবদ্ধ করে ওই সময় তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।


বাকি দুই আসামিকে সিলেট মেট্রেপলিটন পুলিশের জালালাবাদ থানায় রাখা হয়েছে। তারা হলেন সিলেট এয়ারপোর্ট থানাধীন টিলারগাঁওয়ের মো. গোলাব আহমেদের ছেলে কামরুল আহমদ(২৯, মৃত তছির আলীর ছেলে মো. হাসান (১৯)। তাদেরকে আজ বৃহস্পতিবার (২৮ জুলাই) হাকিম আদালতে তোলা হবে বলে পুলিশ জানিয়েছে। 


সিলেটভিউ২৪ডটকম/নোমি/ইআ