সিলেটের সিনিয়র জেলা ও দায়রা জজ মো. মশিউর রহমান চৌধুরী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি বর্তমানে সিলেট শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন। তবে তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক নয়।
সিলেটভিউ-কে তথ্যটি শামসুদ্দিন হাসপাতাল সূত্র নিশ্চিত করেছে।
জানা গেছে, কয়েকদিন আগে মশিউর রহমান চৌধুরীর শারীরিক অবস্থা খারাপ হলে এবং কোভিড-১৯ এর উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হন। পরে চিকিৎসকের পরামর্শে দুদিন আগে শামসুদ্দিন হাসপাতালে ভর্তি হন। পরে শুক্রবার তাঁর করোনা রিপোর্ট পজেটিভ আসে।
এদিকে, সিলেটে ধীরে ধীরে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। এতে উদ্বেগ বাড়ছে সিলেট বিভাগে। এ প্রাণঘাতি ভাইরাস শুক্রবারও কেড়ে নিয়েছে একজনের প্রাণ। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন সিলেটের মদন মোহন কলেজের অর্থনীতি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক বিশ্বনাথ দে (৮৩)। শুক্রবার (২৯ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে তিনি সিলেট ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। বিশ্বনাথ দে নগরীর করেরপাড়ার বাসিন্দা ছিলেন। স্বাস্থ্যবিধি অনুযায়ী মরদেহটি শুক্রবার সৎকার করা হয়েছে।
অপরদিকে, স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় সূত্র জানিয়েছে- বিভাগে শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার (৩০ জুলাই) সকাল ৮টা পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৪ জন। এর মধ্যে সিলেট জেলায় ৫, হবিগঞ্জে ২ ও মৌলভীবাজারে ২ জন। এছাড়াও সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
সিলেটে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৬৭ হাজার ৪৫২ এবং করোনামুক্ত হয়েছেন ৬৫ হাজার ৬৯৫ জন।
আর এ পর্যন্ত বিভাগে করোনা কেড়ে নিয়েছে মোট ১ হাজার ২৪৪ জনের প্রাণ। এর মধ্যে সিলেট জেলায় ৯২৫, সুনামগঞ্জে ৭৫, হবিগঞ্জে ৪৯ ও মৌলভীবাজারে ৭২ জন। এছাড়া সিলেট ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন১২ জনের মৃত্যু হয়েছে করোনাভাইরাসে।
সিলেটভিউ২৪ডটকম / ডালিম




