শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) পলিটিক্যাল স্টাডিজ (পিএসএস) বিভাগের ফুটবল চ্যাম্পিয়ন লিগের চতুর্থ আসর শুরু হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে শিক্ষার্থীদের মধ্যে ফিরেছে খেলাধুলার পুরনো আমেজ।
শিক্ষার্থীরা বলছেন, এই ফুটবল লিগের মাধ্যমে সহপাঠী, সিনিয়র ও জুনিয়রদের মধ্যে সম্পর্কের উন্নতি হবে। পাশাপাশি এ খেলাধুলা শিক্ষার্থীদের মেধা বিকাশে সহায়ক বলে মনে করছেন শিক্ষকরা।
রোববার (৩১ জুলাই) বিকাল চারটায় বিশ্ববিদ্যালয়ের হ্যান্ডবল গ্রাউন্ডে উদ্বোধনী ম্যাচ খেলার মধ্য দিয়ে এই চ্যাম্পিয়ন লিগ শুরু হয়েছে।
পিএসএস বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. জায়েদা শারমিন এ খেলার উদ্বোধন করেন। তবে এর আগে ওই বিভাগের পক্ষ থেকে খেলা উপলক্ষে একটি শোভাযাত্রা বের হয়।
শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষাভবন ‘ডি’ থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে হ্যান্ডবল গ্রাউন্ডের মুক্তমঞ্চে এসে শেষ হয়।
এতে পিএসএস বিভাগের শিক্ষক, সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। পরে একটি সংক্ষিপ্ত সভায় সবাই জমায়েত হন।
এসময় অধ্যাপক ড. জায়েদ শারমিন বলেন, ‘পিএসএস বিভাগের পক্ষ থেকে এ আয়োজনে আমরা সবাই আনন্দিত। পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলারও প্রয়োজন আছে। খেলার উদ্বোধন হয়েছে। আশাকরি, সুষ্ঠু ও সুন্দরভাবে প্রতিটা খেলা সম্পন্ন হবে। শিক্ষার্থীরা বিভাগের জন্য সুনাম বয়ে আনবে।’
এসময় উপস্থিত ছিলেন পিএসএস বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মাসুদ সরকার।
চ্যাম্পিয়ন লিগটি বিভাগের ছয়জন সদস্যের মালিকানায় ছয়টি দল প্রতিযোগী হিসেবে খেলছে।
উদ্বোধনী ম্যাচে পিএসএস বিভাগের শিক্ষার্থী ইমন সরদারের মালিকানায় ‘প্রেশার গ্রুপস্’ ও আশিকুর রহমান রাফির মালিকানায় ‘এফসি ক্যাওসের’ মধ্যকার খেলা অনুষ্ঠিত হয়। এতে লুৎফুর রহমানের একমাত্র গোলে প্রেশার গ্রুপস বিজয়ী হয়।
ধারাবাহিকভাবে বাকি দলগুলোরও খেলা অনুষ্ঠিত হবে।
সিলেটভিউ২৪ডটকম/নোমান/জেপি




