ছবি : ডালিম রেজা ও আহমেদ শাহীন

বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টার পর বাজার, দোকানপাট, শপিংমল বন্ধ রাখা ও সকল ধরনের আলোকসজ্জা পরিহার করার নির্দেশনা দিয়েছিলো সরকার। কিন্তু সিলেটে নির্দেশনা মানছে না অনেকে। 

রাত ৮টার পর মহানগরীর অনেক জায়গায় ও জেলার বেশিরভাগ বাজারে দোকানপাট খোলা থাকছে। পাশপাশি বিয়েবাড়ি, বিভিন্ন মার্কেট ও দোকানে রাতভর আলোকসজ্জা দেখা যায়। যদিও জেলা প্রশাসন বলছে- সরকারের এ নির্দেশনা বাস্তবায়নে মাঠে কাজ করা হচ্ছে। মহানগরীতে  প্রতিদিন সন্ধ্যায় একটি টিম তদারকিমূলক অভিযানে নামে। এছাড়া উপজেলা পর্যায়েও এমন অভিযান প্রতিদিন পরিচালিত হয়। 


বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সিলেটসহ সারা দেশে রাত ৮টার পর দোকান, বিপণিবিতান ও মার্কেট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনার পর গত ১৯ জুন এ সিদ্ধান্ত নেয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, যা ২০ জুন থেকে কার্যকর হয়। সরকারি এ নির্দেশনা বাস্তবায়নে সকল জেলা প্রশাসনকে কঠোর হওয়ার নির্দেশ প্রদান করা হলেও সিলেট জেলা প্রশাসনে রয়েছে ঢিলেঢালা ভাব। প্রথম দুদিন খানিক তোড়জোড় দেখা গেলেও এখন যেন হাল ছেড়ে দিয়েছে প্রশাসন। 

গত কয়েকদিন থেকে দেখা যাচ্ছে- সিলেট মহানগরীর দুই প্রাণকেন্দ্র বন্দর ও জিন্দাবাজার ছাড়া আর বাকি প্রায় সবখানেই রাত ৮টার পরও খোলা থাকে দোকানপাট। অনেকে এক শাটার খোলা রেখে রাত ১০-১১টা পর্যন্ত চালিয়ে যান ব্যবসা। এছাড়া সিলেট বিয়ে উপলক্ষে মহানগরীতে বিভিন্ন বাসা-বাড়িতে করা হয় আলোকসজ্জা। কিন্তু এ পর্যন্ত প্রশাসনকে কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি।

নগরীর নয়াসড়ক এলাকার বাসিন্দাদের অভিযোগ- এ এলাকার ঠিকানা টাওয়ার নামক ভবনে টানা ৩-৪ দিন ছিলো আলোকসজ্জা। কিন্তু প্রশাসন সে ব্যাপারে ছিলো উদাসীন। 

আজ বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে নগরীর উত্তর বাগবাড়ি এলাকায় গিয়ে দেখা যায়- সেখানে গার্ডেন ভিউ নামক একটি ১০ তলা ভবনে ব্যাপক আলোকসজ্জা করা হয়েছে। স্থানীয়রা জানান- এই ভবনে একটি বিয়ের অনুষ্ঠান রয়েছে। বিয়ে উপলক্ষে এমন অবৈধ আলোকসজ্জা করা হয়েছে।

অপরদিকে, মহানগরীর দক্ষিণ সুরমা এলাকায় একদিনের জন্যও রাত ৮টার পর দোকানপাট বন্ধ হয়নি বলে অভিযোগ রয়েছে। অবশ্য জেলা প্রশাসনের বক্তব্য- সরকারের এ নির্দেশনা বাস্তবায়নে প্রতিনিদিন মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। কিন্তু প্রশাসন কোনা পদক্ষেপ নিচ্ছে না।

এ বিষয়ে সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইমরুল হাসান বৃহস্পতিবার (৪ আগস্ট) বিকেলে সিলেটভিউ-কে বলেন, প্রথম দিন থেকেই আমরা সিলেটে রাত ৮টায় যাতে দোকানপাট বন্ধ হয়ে যায় সে লক্ষ্যে কাজ করছি। প্রথম কয়েকদিন জেলা প্রশাসনের দুটি টিম কাজ করলেও এখন একটি কাজ করছে। প্রতিদিন সন্ধ্যার পর আমাদের টিম অভিযানে নামে। যেখানেই দোকান খোলা থাকে সেখাই বন্ধ করে দেওয়া হয় এবং সচেতনতা তৈরির লক্ষ্যে কাউন্সিলিং করা হয়।

তিনি বলেন- অনেক সময় যেদিকে আমাদের টিম যায় না, সেদিকে কিছু দোকান খোলা হয়তো রাত ৮টার পরও খোলা থাকে। কিন্তু আমাদের টিমের  চোখে পড়লে ব্যবস্থা গ্রহণ করা হয়।


সিলেটভিউ২৪ডটকম / ডালিম