সুনামগঞ্জের দোয়ারাবাজারে চেলা শুল্কস্টেশন দিয়ে ভারতীয় চুনাপাথর আমদানি বন্ধ থাকায় বেকার হয়ে পড়েছেন হাজার হাজার বারকি ও পাথর শ্রমিক। ব্যাংকের ‍ঋণ পরিশোধ ও বকেয়া আদায় নিয়ে বিপাকে পড়েছেন শতাধিক চুনাপাথর ব্যবসায়ী।

 


বিশ্বস্ত সূত্রে জানা যায়, ভারতীয় ব্যাবসায়ীদের আইনি জটিলতার কারণে গত ২৫ জুলাই থেকে সীমান্তের ওপার থেকে স্থানীয় চেলা রুটে চুনাপাথর আমদানি বন্ধ থাকায় ক্ষতির সম্মুখিন হয়ে পড়েছেন শতাধিক ব্যবসায়ী। বেকার হয়ে পড়েছেন সীমান্তবর্তী এলাকার কয়েক হাজার বারকি শ্রমিক।

 

অপরদিকে সরকারের নির্ধারিত রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা পূরণ নিয়েওে আশঙ্কা করছেন সংশ্লিষ্ট মহল।

চেলা শুল্কস্টেশন সূত্রে জানা যায়, ২০২১-২০২২ অর্থবছরে চেলা রুটে নির্দারিত সরকারি রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ১ কোটি ৮০ লক্ষ টাকার স্থলে অর্জিত হয়েছিলো ২ কোটি টাকার উপরে। তবে অতিশীঘ্র চুনাপাথর আমদানি স্বাভাবিক না হলে এবার সরকারের নির্ধারিত রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ব্যহত হতে পারে বলে সুত্রটি জানায়।

 

ছাতক লাইম স্টোন ইম্পোর্টার্স অ্যান্ড সাপ্লায়ার্স গ্রুপের সেক্রেটারি অরুন বাবু ও স্থানীয় ব্যবসায়ী মোবারক হোসেন গংরা জানান, চুনাপাথর আমদানি বন্ধ থাকায় ব্যবসায়ীদের পাশাপাশি বেকার হয়ে পড়েছেন হাজার হাজার শ্রমিক। ব্যবসায়ীরাও ব্যাংকের ঋণও মহাজনদের কাছে বকেয়া পাওনা আদায় নিয়ে পড়েছেন শঙ্কায়।

 

চেলা শুল্ক্ স্টেশনের রাজস্ব কর্মকর্তা আব্দুল কাদির বলেন, মূলত ভারতীয় ব্যাবসায়ীদের আইনি নানা জটিলতার কারনে চুনাপাথর আমদানি বন্ধ থাকায় বাংলাদেশ সরকারের রাজস্ব আদায়ে প্রভাব পড়েছে। ভারতীয় আদালতে সেদেশের ব্যাবসায়ীদের চলমান মামলার রায় আগামি ১৮ আগস্ট।

 

রায় তাদের পক্ষে না হলে ভারতের চুনাপাথর ব্যবসায়ীরা বাংলাদেশে চুনাপাথর রপ্তানি করতে পারবেন না বলে তিনি জানান।

 


সিলেটভিউ২৪ডটকম/টিআই/এসডি-২৪