সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় পাওনা টাকা নিয়ে সংঘর্ষে ৫ জন আহত হয়েছেন। এ ব্যাপারে এক পক্ষে মামলা দায়ের করা হলেও অপরপক্ষ এখনো মামলার প্রস্তুতি নিচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
জানা গেছে, বৃহস্পতিবার (৪ আগস্ট) বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার উত্তর রণিখাই ইউনিয়নের কালাইরাগ গ্রামে লালু মিয়ার বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- কোম্পানীগঞ্জের বালুচর গ্রামের কামাল উদ্দিন ও তার ছেলে আবুল হাসান। তারা ওসামানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
অপরপক্ষে আহতরা হলেন, কোম্পানীগঞ্জের কালাইউরা গ্রামের আলী হোসেন, তার ছেলে রিকছন আহমদ ও শাহীন আহমদ। তাদের কোম্পানীগঞ্জ উপজেলা হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। তবে আলী হোসেন ওসমানী মেডিকেলে চিকিৎসাধীন।
জানা গেছে, বালুচর গ্রামের কামাল উদ্দিন দুই বছর আগে জমি ক্রয় বাবদ আলী হোসেনকে সাড়ে ৪ লাখ টাকা দিয়েছিলেন।
কিন্তু এরপর তিনি আর ওই জমি রেজিস্ট্রি করে দেননি। এমনকি পাওনা টাকাও পরিশোধ করেন নি। এনিয়ে উভয়পক্ষ অনেকবার সালিশে বসলেও তাতে কোন ফল পাওয়া যায়নি।
অনেক দেনদরবার শেষে সম্প্রতি আলী হোসেন বাংলাদেশ কৃষি ব্যাংক কোম্পানীগঞ্জের দয়ারবাজার শাখার সাড়ে ৪ লাখ টাকার একটি চেক প্রদান করেন।
কিন্তু বৃহস্পতিবার ( ৪ আগস্ট ) ওই টাকা তুলতে গেলে ব্যাংক কর্তৃপক্ষ জানান, একাউন্ট শূণ্য। কোন টাকা পয়সা নেই।
পরে ওইদিন বিকেলে তার বাগানবাড়ি থেকে ফেরার পথে কালাইউরা গ্রামের লালুরবাড়ির সামনে এলে কামাল উদ্দিনের সাথে আলী হোসেন ও তার ছেলেদের তর্কবিতর্ক শুরু হয়। এক পর্যায়ে তারা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে কামাল উদ্দিনের উপর হামলা করে।
এসময় কামাল তার ছেলে আবুল হাসানকে নিয়ে প্রতিরোধের চেষ্টা করেন। এতে মারাত্মক আহত হন বাবা ও ছেলে। প্রতিপক্ষের আলী হোসেন এবং তার দুই ছেলেও আহত হয়েছেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
আরও জানা গেছে, আলী হোসেনের বিরুদ্ধে কোম্পানীগঞ্জ থানায় ডাকাতি আর তার ছেলে আল আমীনের বিরুদ্ধে কোতোয়ালী থানায় অপহরণ মামালা রয়েছে।
সংঘর্ষের ব্যাপারে কোম্পানীগঞ্জ থানার ওসি সুকান্ত চক্রবর্তী বলেন, এ ঘটনায় কয়েকজন আহত হওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহতদের অভিযোগ শুনেছি। একপক্ষ মামালা দায়ের করেছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনী প্রক্রিয়া চলছে।
সংঘর্ষের ব্যাপারে কামাল উদ্দিন বলেন, আমার কাছে জমি বিক্রির জন্য সাড়ে ৪লাখ টাকা নিলেও আলী হোসেন দুই বছর ধরে বিষয়টি ঝুুলিয়ে রেখেছেন। তিনি টাকা নিয়ে আমাকে অনেক হয়রানি করেছেন। একাউন্টে টাকা না থাকা সত্ত্বেও চেক দিয়েছেন যা ডিজঅনার হয়েছে। এমন প্রতারণাও করেছেন তিনি। সবশেষে ৪ আগস্ট আমার বাগানবাড়ি থেকে ফেরার পথে আমার এবং আমার ছেলের উপর হামলা চালিয়েছেন। এসময় আমার একটি অ্যান্ড্রোয়েড মোবাইল সেট এবং নগদ প্রায় আড়াইলাখ টাকা লুট করে নিয়েছেন। আমি এ ব্যাপারে ন্যায়বিচার চাই। এ ব্যাপারে আমি মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছি।
এ ব্যাপারে আলী হোসেনের ছেলে আল আমিন বলেন, পূর্ব শত্রুতার জেরে হঠাৎ কয়েকটি মোটরসাইকেল নিয়ে কামাল উদ্দিন কয়েকজন লোক নিয়ে হঠাৎ আমার বাবা ও দুই ভাইয়ের উপর হামলা করেন। আমরা এর বিচার চাই।
সিলেটভিউ২৪ডটকম/আইএ/এসডি-৩০




