হিমালয় পর্বতে ভারতের সঙ্গে যৌথ সামরিক মহড়া চালাবে যুক্তরাষ্ট্র। ভারতের এক শীর্ষ কর্মকর্তার বরাত দিয়ে সিএনএন-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। চীনের সঙ্গে ভারতের বিতর্কিত সীমান্ত থেকে ১০০ কিলোমিটারেরও কম দূরে এই মহড়া অনুষ্ঠিত হবে।
ভারতের উত্তরাখণ্ডের আউলিতে অক্টোবরের মাঝামাঝি সময়ে এই মহড়া হতে পারে। শহরটি হিমালয় পর্বতের দক্ষিণ ঢালে অবস্থিত এবং এখানে সমুদ্রপৃষ্ঠ থেকে ১০ হাজার ফুট উচ্চতায় যুদ্ধ করার মহড়া চালাবে নয়াদিল্লি ও ওয়াশিংটন।
তাইওয়ানকে কেন্দ্র করে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের উত্তেজনা যখন তুঙ্গে তখন এই যৌথ মহড়ার আগাম ঘোষণা দেওয়া হলো। তাছাড়া বিতর্কিত সীমান্তে ভারত ও চীনের সেনা সদস্যদের মধ্যে এ পর্যন্ত বহুবার সংঘর্ষ হয়েছে এবং এ অঞ্চলে ভারত ও চীন পরস্পরের প্রতিদ্বন্দ্বী দেশ হিসেবে পরিচিত।
লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোল (এলএসি) বা প্রকৃত নিয়ন্ত্রণ রেখা থেকে ৯৫ কিলোমিটার দূরে আউলি অবস্থিত। ভারত ও চীন উভয়ে ওই সীমান্তরেখার ওপারে পরস্পরের ভূখণ্ডের মালিকানা দাবি করে।
তবে ১৯৬২ সালের ভারত-চীন যুদ্ধের পর থেকে এই রেখাই দু’দেশের সীমান্ত হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। ২০২০ সালে চীনের দাবিকৃত ভূখণ্ডে ভারত একটি সড়ক নির্মাণ করতে গেলে দুদেশের সীমান্তরক্ষীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। এতে ভারতের ২০ সেনা এবং চীনের চার সেনা নিহত হন।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এসডি-১৮
সূত্র : জাগোনিউজ




