বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য সোমবার (৮ আগস্ট) পাঁচ জন বিশিষ্ট নারীকে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব পদক-২০২২ প্রদান করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এর মধ্যে একজন হলেন বীর মুক্তিযোদ্ধা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী উপ-উপাচার্য, বিশিষ্ট শিক্ষাবিদ ও পরিবেশ বিজ্ঞানী, গোয়াইনঘাট ইমরান আহমদ সরকারি মহিলা কলেজের দাতাসদস্য নাসরিন আহমাদ।
তিনি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী, সিলেট-৪ আসনের এমপি ইমরান আহমদের সহধর্মিনী। শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য তাঁকে এ পদক প্রদান করা হয়।
সোমবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পক্ষে নাসরিন আহমাদের হাতে পদক তুলে দেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা।
প্রধানমন্ত্রী তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে এ অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেন।
উল্লেখ্য, আজ (সোমবার) প্রধানমন্ত্রীর মা এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বেগম ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকী। ১৯৭৫ সালের ১৫ আগস্ট কিছু সেনা সদস্যের হামলায় তিনি বঙ্গবন্ধু ও পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে শাহাদত বরণ করেন।
সিলেটভিউ২৪ডটকম / ডালিম




