সুনামগঞ্জের জামালগঞ্জে হাওরে মাছ ধরার সময় নৌকাডুবিতে শরীফ উদ্দিন নামের এক জেলের মৃত্যু হয়েছে। সোমবার ভোরে জামালগঞ্জ উপজেলার ভীমখালি ইউনিয়নের মাহমুদপুর কুড়ালিয়া গ্রামের পাশে কুড়ালিয়ার হাওড়ে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানান, কুড়ালিয়ার হাওড়ে শরীফ উদ্দিন ও লোকমান নামের দুই জেলে মাছ ধরতে যান। মাছ ধরার এক পর্যায়ে হাওড়ের উত্তাল ঢেউ ও প্রচণ্ড ঝড়ো বাতাসে তাদের নৌকাটি ডুবে যায়। এ সময় লোকমান সাঁতার কেটে তীরে উঠতে পারলেও শরীফ উদ্দিন পানিতে ডুবে নিখোঁজ হন। নিখোঁজের ৭-৮ ঘণ্টা পরে শরীফ উদ্দিনের মরদেহ পানিতে ভেসে উঠলে এলাকাবাসীর সহযোগিতায় পুলিশ তার লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।
লোকমানকে আহত অবস্থায় জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
জামালগঞ্জ থানার এসআই মাসুদ পারভেজ জানান, হাওড়ে মাছ ধরার সময় আকস্মিক ঝড়ের কবলে পড়ে নৌকা ডুবে শরীফ উদ্দিন মারা যান ও লোকমান নামের এক জেলে আহত হন। শরীফ উদ্দিনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সিলেটভিউ২৪ডটকম/মাহি




