সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার পুরাতন সারকারখানার ক্যাবল চুরির মামলার প্রধান আসামি শামিম আহমেদ ওরফে এপলো (৩০)-কে গ্রেফতার করেছে পুলিশ। সে রাজনগর থানার পশ্চিম খাস (নিজগাও) গ্রামের কালাম মিয়ার পুত্র।
গতকাল বৃহস্পতিবার (১১ আগস্ট) রাজনগর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। আজ শুক্রবার তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ জানায়- গত জুন মাসে এপলো গংরা ফেঞ্চুগঞ্জ পুরাতন সারকারখানার ক্যাবল চুরি করে। পরে পুলিশের তৎপরতায় চুরি যাওয়া ক্যাবল উদ্ধার করে চুরিতে ব্যবহৃত সিএনজি চালিত অটোরিকশা জব্দ করে। পরবর্তীতে সারকারখানা কর্তৃপক্ষ এ ব্যাপারে ফেঞ্চুগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলা নং- ০১/ তারিখ ০১-০৬-২২। এ মামলার প্রধান আসামি এপলো পলাতক ছিল। পরবর্তীতে পুলিশি অভিযানে রাজনগর এলাকা থেকে গ্রেফতার করেন ফেঞ্চুগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফুল আলম।
গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে ফেঞ্চুগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফুল আলম বলেন- এপলো সারকারখানার ক্যাবল চুরির ঘটনায় প্রধান আসামি। সে পলাতক ছিল। তবে আমরা তাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। তাকে আজ শুক্রবার (১২ আগস্ট) আদালতে প্রেরণ করা হয়েছে।
যোগ করে তিনি বলেন- গ্রেফতারকৃত এপলো এরআগে চুরির মামলায় গ্রেফতার হয়ে ৬ মাস জেলহাজতে ছিল। কারাভোগ শেষে সে বেরিয়ে এসে পুনরায় চুরির ঘটনায় লিপ্ত হয়। তার বিরুদ্ধে একাধিক থানায় চুরির মামলা রয়েছে।
সিলেটভিউ২৪ডটকম/ফরিদ/মুন্না




