আন্তর্জাতিক ক্রিকেট থেকে রস টেলরের অবসর নেওয়ার খুব বেশিদিন হয়নি। তবে অবসরের পর থেকেই একের পর এক বিস্ফোরক মন্তব্য করে আলোচনায় রয়েছেন নিউজিল্যান্ডের সাবেক এ ব্যাটার। কিছুদিন আগেই নিউজিল্যান্ডের ক্রিকেটে বর্ণবিদ্বেষের ঘটনা প্রকাশ্যে এনেছিলেন। এবার তিনি জানালেন, আইপিএলে খেলার সময় একবার শূন্য রানে আউট হওয়ায় দলের মালিকের হাতে একাধিক চড় খেতে হয়েছিল তাকে।

এক প্রতিবেদনে এ কথা জানিয়েছে কলকাতাভিত্তিক ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার।


নিজের আত্মজীবনী ব্ল্যাক অ্যান্ড হোয়াইট-এ রস টেলর সেই চড়কাণ্ডের স্মৃতিচারণা করে বলেন, “মোহালিতে সেই ম্যাচে পাঞ্জাবের বিরুদ্ধে খেলছিল রাজস্থান। জয়ের জন্য ১৯৫ রানের লক্ষ্য ছিল। আমি শূন্য রানে এলবিডব্লিউ হয়ে যাই। আমরা জয়ের লক্ষ্যমাত্রার ধারেকাছেও পৌঁছাতে পারিনি।”

তিনি বলেন, “ম্যাচের পর পুরো দল, সাপোর্ট স্টাফ এবং পরিচালক সমিতি হোটেলের সবচেয়ে ওপরের তলার একটি বারে ছিল। সেখানে শেন ওয়ার্নের সঙ্গে লিজ হার্লিও ছিল। হঠাৎ রাজস্থানের এক মালিক আমাকে এসে বলে, ‘রস, শূন্য রানে আউট হওয়ার জন্য তোমাকে লাখ লাখ ডলার দিয়ে নিয়ে আসা হয়নি।’ এরপরই তিনি আমাকে তিন-চারটি চড় মারেন।”

যদিও ঘটনাটা কবের সেটা রস টেলর উল্লেখ করেন। তবে আইপিএল ক্যারিয়ারে শুধুমাত্র ২০১১ সালেই রাজস্থান রয়্যালসের হয়েই খেলেছিলেন নিউজিল্যান্ডের এ ক্রিকেটার। তাই ধারণা করা হচ্ছে, ঘটনাটি সেই সময়কারই।

চড়টা মোটেও মজা করে মারা হয়নি দাবি করে নিউজিল্যান্ডের সাবেক এ ব্যাটার বলেন, “ওরা ওই ঘটনার পর হাসাহাসি করছিল। হয়ত ভেবেছিল খুব জোরে চড় মারেনি। কিন্তু একবারও মনে হয়নি সেটা অভিনয় ছিল। কোনোদিনই এটা নিয়ে প্রতিবাদ করতে চাইনি। তবে কোনো পেশাদার প্রতিযোগিতায় এ রকম হতে পারে বলে আমার ধারণা ছিল না।”


সূত্র : ঢাকা ট্রিবিউন