সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরীর বাগানবাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যাওয়া শ্রমিক সিসিকের বিদ্যুৎকর্মী নয় বলে দাবি করছে কর্তৃপক্ষ। 

রবিবার (১৪ আগস্ট) সিসিকের বিদ্যুৎ শাখার নির্বাহী প্রকৌশলী মো. রুরুল আলম স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তি গণমাধ্যমে প্রেরণ করা হয়। এতে উল্লেখ করা হয়- ‘‘১৪ আগস্ট একটি পত্রিকায় ‘মেয়রের বাগান বাড়িতে সিসিক কর্মীর অপমৃত্যু, দায় কার?’ শিরােনামের সংবাদে ভাটা এলাকার নজরুল ইসলামের ছেলে রাহুল আহমদকে সিসিকের বিদ্যুৎ বিভাগের কর্মী বলে উল্লেখ করা হয়েছে। আসলে তিনি সিলেট সিটি কর্পোরেশনের স্থায়ী বা মাস্টার রােলের কোনো কর্মচারী নন।’’


উল্লেখ্য, সিলেট মহানগরীর ভাটা এলাকায় অবস্থিত সিসিক মেয়র আরিফুল হকের বাগানবাড়িতে বিদ্যুতের কাজ করতে গিয়ে স্পৃষ্ট হয়ে আহত হন রাহুল আহমদ নামের এক শ্রমিক। তিনি ওই এলাকার নজরুল ইসলামের ছেলে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে শনিবার (১৩ আগস্ট) তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। 

রাহুল আহমদ বিবাহিত ছিলেন। তার স্ত্রী অন্তঃসত্ত্বা ছিলেন বলে জানা গেছে।  

শনিবার আসরের নামাজের পর রাহুলের জানাজা ও দাফন সম্পন্ন হয়। জানাজায় সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী উপস্থিত ছিলেন।  

সিলেটভিউ২৪ডটকম / ডালিম