হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুর তিতারকোনা পেট্রোল পাম্প এলাকায় আলম মিয়া (২২) নামে এক যুবককে উপর্যপুরি ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।
আলম মিয়া উপজেলার লামাতাশি ইউনিয়নের পশ্চিম দ্বিমুড়া গ্রামের তাহির মিয়ার পুত্র। রোববার রাত ৮ টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, নিহত আলম মিয়ার পিতা তাহির মিয়ার সাথে দীর্ঘদিন যাবত জায়গা সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছিল প্রতিবেশী সাবেক ইউপি সদস্য মো. কুতুব আলী ও তার লোকজনদের। এরই জের ধরে সম্প্রতি উভয়পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় কুতুব আলীর দায়ের করা মামলায় কারাগারে যান আলম মিয়া। ১৫দিন আগে কারাগার থেকে জামিনে বের হয়ে আসেন তিনি।
রোবাবার (১৪ আগস্ট) রাত ৮টার দিকে পেট্রোল পাম্প এলাকায় আলম মিয়াকে একা পেয়ে উপর্যপুরি ছুরিকাঘাত করে কুতুব আলীসহ তাদের লোকজন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে নবীগঞ্জ-বাহুবল সার্কেলের সহকারী পুলিশ সুপার আবুল খয়ের ও বাহুবল মডেল থানার (ওসি) রকিবুল ইসলাম খানসহ একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
বাহুবল মডেল থানার (ওসি) রকিবুল ইসলাম খান জানান, আমরা এখনও ঘটনাস্থলে রয়েছি। হত্যাকারীদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
সিলেটভিউ২৪ডটকম / জাকারিয়া / ডি.আর




