জাতীয় শোক দিবস উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি থেকে শ্রদ্ধার ফুল সরিয়ে রাখায় কর্তৃপক্ষের কাছে ব্যাখ্যা চাইলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সম্মিলিত সাংস্কৃতিক জোট।
সোমবার (১৫ আগস্ট) দুপুরে জোটটি এক বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানান। ওই জোটের সমন্বয়ক ইফরাতুল হাসান রাহিমও বিষয়টি জানিয়েছেন।
রাহিম বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের সম্মিলিত সাংস্কৃতিক জোট ও ক্যাম্পাসের বিভিন্ন সংগঠন জাতীয় শোক দিবস উপলক্ষে '৭৫ এর ১৫ই আগষ্ট কালো রাতে নির্মমভাবে শত্রুর গুলিতে নিহত হওয়া শহীদদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করতে সোমবার দিবাগত রাত ১২ টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতি পুষ্পস্তবক অর্পণ করে।’
‘এরপর সোমবার সকালে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এসময় সম্মিলিত সাংস্কৃতিক জোটের ও বিভিন্ন সংগঠনগুলোর অর্পিত ফুল সরিয়ে রাখা হয়।’
বিষয়টি অত্যন্ত দৃষ্টিকটু উল্লেখ করে রাহিম বলেন, ‘এই ঘটনা শোক দিবসের গাম্ভীর্যকে নষ্ট করেছে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছ থেকে এমন ঘটনা কখনোই কাম্য নয়, যা শহীদদের প্রতি অশ্রদ্ধাশীল। সম্মিলিত সাংস্কৃতিক জোট উক্ত ঘটনার নিন্দা জানাচ্ছে এবং প্রশাসনের কাছ থেকে এর যথোপযুক্ত ব্যাখ্যা দাবি করছে।’
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ইশফাকুল হোসেন ও প্রক্টর ইশরাত ইবনে ইসমাইলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাদের সাড়া পাওয়া যায়নি।
সিলেটভিউ২৪ডটকম/নোমান/এসডি-১১




