দৈনিক মজুরি ১২০ টাকা থেকে ৩০০ টাকার করার দাবিতে চা-শ্রমিকদের যে আন্দোলন এতে সংহতি জানিয়ে মানববন্ধন করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে বিশ্ববিদ্যালয়ের সম্মিলিত সাংস্কৃতিক জোটের ব্যানারে এ কর্মসূচি পালন করেন তারা। এসময় তারা মালিকদেরকে চা শ্রমিকদের দাবি মেনে নেওয়ার কথাও বলেন।
গত কয়েকদিন ধরে মজুরি বৃদ্ধির দাবিতে সিলেটের চা শ্রমিকরা আন্দোলন করে আসছে।
শ্রমিকদের দাবি দৈনিক মজুরি ১২০ টাকা থেকে বাড়িয়ে ৩০০ টাকা নির্ধারণ করার। কারণ দৈনিক ১২০ টাকায় তাদের সংসারের খরচ বহনে হিমশিম খেতে হয়। এছাড়া বর্তমানে বাজারে নিত্যপণ্যের দামও বাড়ছে। এতে করে তাদের জীবনধারণে করা কষ্ট হচ্ছে। চা শ্রমিকদের এসব দাবির সঙ্গে সংহতি প্রকাশ করে মানববন্ধনে শাবি শিক্ষার্থীরা বলেন, নানা অজুহাতে মালিকরা চা শ্রমিকদের ন্যায্য মজুরি থেকে বঞ্চিত করছেন। দীর্ঘদিন ধরে চা বাগানের শ্রমিকেরা দৈনিক ১২০ টাকা মজুরিতে কাজ করে যাচ্ছেন। এটি চা-শ্রমিকদের প্রতি জুলুম। বর্তমান বাজারদরের ঊর্ধ্বগতিতে এই টাকায় দিনযাপন করা কিভাবে সম্ভব?-প্রশ্ন শিক্ষার্থীদের।
তারা আরও বলেন, শ্রমিকদের প্রতি এমন অমানবিক আচরণ কোনোভাবেই কাম্য নয়।
আমরা চা-শ্রমিকদের এই যৌক্তিক ও ন্যায্য আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়ে চা বাগানের শ্রমিকদের দৈনিক মজুরি ৩০০ টাকা নির্ধারণ করার দাবি জানাচ্ছি।
.png)
সিলেটভিউ২৪ডটকম/নোমান/এসডি-০৬




