(প্রতীকী ছবি)
সুনামগঞ্জের দিরাইয়ে বসতঘর থেকে ঘরের তীরের সাথে ফাঁস দেয়া অবস্থায় এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তি আনোয়ার মিয়া (৪৭)। তিনি পৌরসভার নতুন বাগবাড়ী এলাকার মৃত আবুল হোসেনের ছেলে।
মঙ্গলবার (১৬ আগস্ট) বিকাল ৬টার দিকে দিরাই পৌর এলাকার নতুন বাগবাড়ী এলাকার বসত ঘর থেকে ঘরের তীরের সাথে ফাঁস দেয়া অবস্থা আনোয়ার মিয়ার লাশ উদ্ধার করে পুলিশ।
নিহতের স্বজনদের সূত্রে জানা যায়, পেশায় সিএনজি অটোরিকশা স্ট্যান্ডের ম্যানেজার আনোয়ার মিয়াকে গত রোববার রাত ১০টার দিকে দোকানে সিগারেট কিনতে দেখা যায়। এরপর আর তাকে দেখা যায়নি। দুদিন ধরে বাড়িতে না যাওয়ায় খুঁজতে গিয়ে ঘরের দরজা-জানালা বন্ধ অবস্থায় টিনের ছিদ্র দিয়ে তীরের সঙ্গে তার দেহ ঝুলতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ এসে দরজা ভেঙে লাশ উদ্ধার করে।
তারা আর জানান, আনোয়ার মিয়ার দুই স্ত্রীর মধ্যে প্রথম স্ত্রী দুই সন্তানসহ নতুন বাগবাড়ী গ্রামে আনোয়ার মিয়ার পৈত্রিক ভিটায় বসবাস করেন। আরেক স্ত্রী সৌদি আরব প্রবাসী।
এদিকে, পৌরসদরের পুরাতন বাগবাড়ী গ্রামের উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের ভূমিতে টিনসেড ঘর তৈরি করে একাকী বাস করতেন আনোয়ার। ছয় মাস আগে আনোয়ার মিয়ার দ্বিতীয় স্ত্রী দেশে ফিরে স্বামীর সঙ্গে ছুটি কাটিয়ে মাস দুয়েক আগে ফের সৌদিতে চলে যান।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (দিরাই সার্কেল) আবু সুফিয়ান বলেন, লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
সিলেটভিউ২৪ডটকম / হিল্লুল / ডি.আর




