হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষ্যে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৯ আগস্ট) সকালে জেলার বানিয়াচং উপজেলার  হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ, পুজা উদযাপন পরিষদ এবং গীতাসঙ্ঘের আয়োজনে এক বর্নাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয়ে উপজেলার গুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। 


প্রদীপ প্রজ্জলনের মধ্য দিয়ে এ শোভাযাত্রার উদ্বোধন করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি এবং ঢাকাস্থ জালালাবাদ অ্যসোসিয়েশনের আজীবন সদস্য, আওয়ামীলীগ নেতা বিধান কৃষ্ণ দাস সরকার। এসময় বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ, বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেবসহ উপজেলার বিভিন্ন শ্রেণি পেশার অসংখ্য মানুষ উপস্থিত ছিলেন।   

 

শোভযাত্রা শেষে মঙ্গল পদাবলী কীর্তনের সুর, আর শোভাযাত্রায় কৃষ্ণ কৃষ্ণ নাম সংকীর্তনে মেতে ওঠেন কৃষ্ণ ভক্তরা। দুঃখ-জরা-ব্যাধি থেকে মুক্ত হোক জীবন, শুদ্ধ হোক অন্তরাত্মা, অপার্থিব আনন্দলোকের মঙ্গলধ্বনিতে স্নাত হোক পৃথিবী- এমনটাই প্রার্থনা করেন ভক্তকুল।

এদিকে, শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপনের লক্ষ্যে বানিয়াচংয়ের বিভিন্ন পাড়া-মহল্লায় হিন্দু সম্প্রদায়ের মানুষ  আজ পূজা-অর্চনাসহ বিভিন্ন আচার-অনুষ্ঠান পালন করছেন।

 

সিলেটভিউ২৪ডটকম/জউ/ইআ