সুনামগঞ্জের দোয়ারাবাজারে সুরমা নদীতে নৌ-দুর্ঘটনায় তলিয়ে যাওয়া ৯ জনের ৮জন উদ্ধার হয়েছেন। ১জন এখনও নিখোঁজ রয়েছেন। শুক্রবার (১৯ আগস্ট) রাত ৮টার দিকে উপজেলা সদরস্থ আজমপুর খেয়াঘাটে ঘটনাটি ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত ৮টা দিকে অর্ধশতাধিক যাত্রী নিয়ে সুরামা নদী পাড়ি দিচ্ছিলো একটি খেয়া নৌকা। মাঝনদীতে যাওয়ামাত্র মালবাহী একটি বাল্কহেডের জোর ধাক্কায় একটি মোটরসাইকেল ও ৯ যাত্রী নদীতে ছিটকে পড়ে তলিয়ে যান। ২ ঘন্টা তল্লাশি চালিয়ে পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় ৮জনকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এদের ৪জন সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন এবং বাকি ৪জনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।
আর সামছুল ইসলাম নামের এক ব্যক্তি এখনো নিখোঁজ রয়েছেন।
উল্লেখ্য, ওই খেয়া নৌকায় আরোহনকারী ৩৪ জনের একটি টিম দোয়ারাবাজার সীমান্তের বাঁশতলা হকনগর শহীদ মিনার এলাকা থেকে বনভোজন শেষে বাড়ি ফিরছিলেন। তারা সকলেই সুনামগঞ্জের বিভিন্ন এলাকার অধিবাসী। সামছুল ইসলাম নামের তাদের এক সফর সঙ্গীকে এ রিপোর্ট লিখা পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। তিনি সুনামগঞ্জ সদর উপজেলার গোবিন্দপুর গ্রামের রইছ আলীর ছেলে। এ রিপোর্ট লিখা পর্যন্ত তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।
দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ দেবদুলাল ধর নৌ দূর্ঘটনা ও নিখোঁজের বিষয়টি নিশ্চিত করেছেন। ঘটনাস্থলে পুলিশ উদ্ধারকাজে সহযোগিতায় নিয়োজিত রয়েছেন বলে তিনি জানান।
সিলেটভিউ২৪ডটকম / তাজুল / ডি.আর




