চা শ্রমিকদের চলমান আন্দোলন ও দাবির সাথে সংহতি প্রকাশ করে মানববন্ধন করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

 


মঙ্গলবার (২৩ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনের সড়কে  সাহিত্যচর্চা বিষয়ক সংগঠন 'সাস্ট সাহিত্য সংসদের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে সংহতি প্রকাশ করেন তারা।

 

মানববন্ধনে বক্তরা বলেন, চা শ্রমিকদের মজুরি যে এত কম এটা কিন্তু আমরা আগে জানতাম না। যখন তারা মাঠে নেমে আন্দোলন শুরু করেছে তখনই আমরা জানতে পেরেছি। আমরা চিন্তাও করতেও পারিনা প্রতিদিন ১২০ টাকায় কিভাবে একটি সংসার চলে!

 

'এখন শ্রমিকরা আন্দোলন করছে, ৩০০ টাকার দাবি জানাচ্ছে । কিন্তু আমরা মনে করি এই পরিমাণটাও তাদের সংসারের খরচ বহন করতে হবে।'

 

শাবির সমাজকর্ম বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ও শ্রীমঙ্গলের চা শ্রমিকের সন্তান  মিলেনিয়াম আরেং বলেন, 'চা শ্রমিক হিসেবে আমরা এদেশে উপেক্ষিত। অনেক বছর পূর্বে এদেশ থেকে ব্রিটিশরা চলে গেলেও আমাদের উপর ঔপনিবেশিক শাসন অব্যাহত রয়েছে।'

 

'আমাদের বাড়িতে গেলে আপনারা বুঝতে পারবেন  আমরা অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা ও শিক্ষাখাতে কতটুকু বঞ্চিত আছি।'

 

মিলিনিয়াম বলেন, 'অনতিবিলম্বে আমাদের ন্যায্য মজুরি ৩০০ টাকা যেন করা হয় সে প্রত্যাশা মালিক ও রাষ্ট্রপক্ষের নিকট রইলো।'

 

অর্থনীতি বিভাগের মাস্টর্সের শিক্ষার্থী জাহেদুুল ইসলাম অপূর্ব বলেন, ৩০০ টাকা মজুরি সহ সকল চা শ্রমিকদের যাবতীয় ন্যায্য অধিকার বাস্তবায়ন করা অতি জরুরি। আধুনিক কালে এসে চা শ্রমিকদের প্রতি দাসপ্রথার মতো আচরণ বন্ধ করা বাঞ্ছনীয়।

 

বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া চা শ্রমিকের সন্তান জ্যোতির্ময় কানু বলেন, 'আমরা চা শ্রমিক। আমরা আমাদের কষ্টের জন্য মজুরি ৩০০ টাকা সহ অন্যন্য সকল মৌলিক অধিকারটুকু চাই। 
এসময় তিনি সকল শ্রেণী পেশার মানুষকে তাদের ন্যায্য অধিকার বাস্তবায়নে সহযোগিতা করার জন্য আহ্বান জানান।

 

একইসঙ্গে চা শ্রমিকদের দাবিকে মেনে নেওয়ার জন্য চা বাগান কর্তৃপক্ষকে আহ্বান জানান বক্তারা।

 

মানববন্ধনে সাস্ট সাহিত্য সংসদসহ অর্ধশতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

 


সিলেটভিউ২৪ডটকম/নোমান/এসডি-২৫