জ্বালানি তেল, ইউরিয়া সার, খাদ্যসহ নিত্যপণ্য ও পরিবহনের ভাড়া কমানো এবং বিদ্যুৎ-গ্যাসের দাম বাড়ানোর প্রক্রিয়া বন্ধের দাবিতে সিলেটসহ সারাদেশে পালিত হয়েছে অর্ধদিবস হরতাল। বাম গণতান্ত্রিক জোট এই হরতালের ডাক দিয়েছিল।

বৃহস্পতিবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা অবধি এই হরতাল পালন করা হয়। তবে সিলেটে হরতালের তেমন কোনো প্রভাব ছিল না।


আজ সকাল থেকে সিলেট মহানগরীর বন্দরবাজার, জিন্দাবাজার, চৌহাট্টা, আম্বরখানা পয়েন্টসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, হরতালে যান চলাচল প্রায় স্বাভাবিকই ছিল। সাধারণ মানুষের জীবনযাত্রায়ও হরতালের তেমন প্রভাব পড়েনি।

সকাল থেকেই অফিসগামী লোকজন বাসা থেকে বেরিয়ে আসেন। নির্বিঘ্নে তারা অফিসে পৌঁছেন। নগরীর দোকানপাট, বিপণিবিতান সবগুলোই ছিল খোলা।

হরতালের সমর্থনে নগরীতে বাম গণতান্ত্রিক জোটের তেমন তৎপরতা ছিল না। তাদেরকে পিকেটিং করতে দেখা যায়নি। তবে বন্দরবাজার এলাকায় হরতালের সমর্থনে প্রচারণা চালাতে দেখা গেছে বাম জোটের নেতা-কর্মীদের।

এদিকে, হরতালকে কেন্দ্র করে পুলিশ প্রশাসন অন্যদিনের তুলনায় আজ কিছুটা সতর্ক অবস্থানে ছিল। বিভিন্ন পয়েন্টে বেশি সংখ্যক পুলিশ সদস্যকে দায়িত্ব পালনে দেখা গেছে।

তবে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে শেষ হয় অর্ধদিবস হরতাল।

সিলেটভিউ২৪ডটকম/আরআই-কে