দৈনিক ৩শ’ টাকা মজুরির দাবিতে সিলেটে চা শ্রমিকদের কর্মবিরতি অব্যাহত রয়েছে। শুক্রবারও ১৪তম দিন তারা বাগানে কাজে যাননি। তবে এদিন তারা কোন ধরণের বিক্ষোভ কর্মসূচি পালন করেননি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার চা-বাগানের মালিকদের সঙ্গে বৈঠকে বসবেন। এ বৈঠক থেকে কি সিদ্ধান্ত আসবে- সেদিকে চেয়ে আছেন চা শ্রমিকরা। দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচি পালনের ঘোষণা দেন তারা।
শুক্রবার দুপুর সোয়া বারোটার দিকে সিলেটের ২৩ বাগানের পঞ্চায়েত কমিটি মালনীছড়া মন্দিরে বৈঠকে বসেন।
বৈঠক শেষে কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন চা-শ্রমিক নেতৃবৃন্দ। এছাড়াও শনিবার প্রধানমন্ত্রীর সাথে চা-বাগান মালিকদের বৈঠকের সিদ্ধান্তের পর তারা পরবর্তী করণীয় সর্ম্পকে জানাবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা চা শ্রমিকদের দাবি পূরণে সহযোগিতা করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন চা শ্রমিক নেতৃবৃন্দ।
এদিকে প্রধানমন্ত্রী শ্রমিকদের চলমান আন্দোলন নিয়ে চা-বাগান মালিকদের সঙ্গে শনিবার বিকাল ৪টায় গণভবনে বৈঠকে বসবেন। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, ১২০ থেকে ৩০০ টাকায় দৈনিক মজুরি উন্নীতকরণের দাবিতে সিলেটসহ সারাদেশের চা শ্রমিক গত ৯ আগস্ট থেকে আন্দোলনে নামেন। প্রথম দু’দিন ২ ঘণ্টা কর্মবিরতি পালনের পর ১৩ আগস্ট থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন শুরু করেন। এর মধ্যে কয়েক দফা বৈঠকে চা শ্রমিক নেতারা কাজে যোগদানের ঘোষণা দিলেও সাধারণ শ্রমিকরা তা প্রত্যাখান করে আন্দোলন চালিয়ে যান। আন্দোলনকারী শ্রমিকদের দাবি, প্রধানমন্ত্রীর সাথে তারা ভিডিও কনফারেন্সে সরাসরি কথা বলতে চান। মজুরি বৃদ্ধিসহ অন্যান্য সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর মুখ থেকে আশ্বাস পেলে তারা কাজে ফিরে যাবে।
সিলেটভিউ২৪ডটকম/পিডি/এসডি-০৯




