দীর্ঘ চার বছর পর আবারও শুরু হতে যাচ্ছে এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট। এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ের এই প্রতিযোগিতাটির ১৫তম আসরের উদ্বোধন হচ্ছে আজ। উদ্বোধনী ম্যাচে পরস্পরের বিপক্ষে মাঠে নামবে আফগানিস্তান ও শ্রীলঙ্কা। ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।

আইসিসি র‌্যাঙ্কিংয়ে আফগানিস্তানের চেয়ে খানিকটা এগিয়ে রয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট দল। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা কর্তৃক প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে ২৩১ রেটিং পয়েন্ট নিয়ে র‌্যাঙ্কিংয়ের আট নম্বরে অবস্থান করছে লঙ্কানরা। অন্যদিকে ২১৬ রেটিং পয়েন্ট নিয়ে আফগানিস্তানের অবস্থান দশ নম্বরে।


দুদল এখন পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে মাত্র একবার পরস্পরের বিপক্ষে মাঠে নেমেছে। ২০১৬ সালের সেই ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে ২০ ওভারে ১৭৫ রান করেছিলো শ্রীলঙ্কা। জবাবে মাত্র ১০৬ রানে গুটিয়ে যায় আফগানরা।

আবার এশিয়া কাপের ইতিহাসেও ঢের এগিয়ে শ্রীলঙ্কা। ভারতের পর দ্বিতীয় সর্বোচ্চ পাঁচবার এশিয়া কাপের শিরোপার স্বাদ পেয়েছে তারা। আর ফাইনাল খেলে সবচেয়ে বেশি। অন্যদিকে শিরোপা তো দূরের কথা একবারও ফাইনাল খেলা হয়নি আফগানিস্তানের। তবে নবি-রশিদদের সাম্প্রতিক পারফরম্যান্স যথেষ্ট ভালো। তাই তারা এই ম্যাচ জিতলে হয়তো অবাক হবেন না কেউই।

আফগানিস্তানের সম্ভাব্য একাদশ

হজরতউল্লাহ জাজাই, রহমানুল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ইব্রাহিম জাদরান, নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নাবি (অধিনায়ক), সামিউল্লাহ শিনওয়ারি, রশিদ খান, করিম জানাত, নাভিন-উল-হক, মুজিব উর রহমান, নুর আহমেদ।

শ্রীলঙ্কার সম্ভাব্য একাদশ

কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), দানুশকা গুনাথিলাকা, চারিথ আসালাঙ্কা, ভানুকা রাজাপাকসে, ধনঞ্জয়া ডি সিলভা/ আসেন বান্দারা, দাসুন শানাকা (অধিনায়ক), ওয়ানিন্দু হাসারাঙ্গা, চামিকা করুনারত্নে, মাহিশ থিকসানা, মাথিসা পাথিরানা, দিলশান মধুশঙ্কা।

সিলেটভিউ২৪ডটকম/ঢাটা/ইআ-১৫