দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত এশিয়া কাপের গ্রুপপর্বে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হয় ভারত-পাকিস্তান। ম্যাচটির মোড় পরিবর্তন হয়েছে বারবার। টানটান উত্তেজনাপূর্ণ এই ম্যাচে শেষ পর্যন্ত পাকিস্তানকে ৫ উইকেট হারিয়ে এশিয়া কাপের যাত্রা শুরু করল বর্তমান চ্যাম্পিয়ন ভারত।

শুরুতে ব্যাট করতে নেমে ১৪৮ রান তুলে পাকিস্তান। জবাবে ৫ উইকেট ও ২ বল হাতে রেখেই জয় পেয়ে যায় রোহিত শর্মারা। রান তাড়া করতে নেমে প্রথম ওভারেই শূন্যরানে আউট হন ওপেনার লোকেশ রাহুল। পরের উইকেটে দেখে-শোনেই খেলছিলেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। কিন্তু বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি ভারতীয় দলনেতা।১৮ বলে ১২ রান করে আউট হন তিনি। এরপর ৩৪ বলে ৩৫ রান করে ফেরেন বিরাট কোহলিও। সূর্যকুমার যাদবের ব্যাট থেকে এসেছে ১৮ রান।


তবে পঞ্চম উইকেট জুটিতে দুর্দান্ত ব্যাট করতে থাকেন রবিন্দ্রো জাদেজা ও হার্দিক পান্ডিয়া। এ সময় দুজন মিলে গড়েন ৫২ রানের জুটি। তাতেই জয়ের ভিত পেয়ে যায় ভারত। ২৯ বলে ৩৫ রান করে আউট হন জাদেজা। এদিকে দিনেশ কার্তিককে সঙ্গে নিয়ে জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন হার্দিক পান্ডিয়া। ১৭ বলে ৩৩ রানে পান্ডিয়া ও ১ বরে ১ রানে কার্তিক অপরাজিত থাকেন।

এর আগে ম্যাচের শুরুতে টস জিতে পাকিস্তানকে ব্যাট করার আমন্ত্রণ জানান ভারতীয় দলনেতা রোহিত শর্মা। টস হেরে ব্যাট করতে নেমে ইনিংসের তৃতীয় ওভারে ব্যক্তিগত ১০ রানে আউট হন দলনেতা ও ওপেনার বাবর আজম। পরের উইকেটে খেলতে নামা ফখর জামানও ফেরেন ১০ রানেই।

তৃতীয় উইকেট জুটিতে ইফতেকার আহমেদকে সঙ্গে নিয়ে দলীয় স্কোরে কিছু রান যোগ করেন উইকেটকিপার ব্যাটার মোহাম্মদ রিজওয়ান। ২৮ রানে আউট হন ইফতেকার। আর আউট হওয়ার আগে রিজওয়ান করেন ৪৩ রান।

এরপর ব্যাট হাতে সুবিধা করতে পারেননি কেউই। ২ রানে খুশদিল শাহ, ৯ রানে আসিফ আলি, ১ রানে মোহাম্মদ নেওয়াজ ও ১০ রানে সাদাব খান, শূন্যরানে নাসিম শাহ ও ১৬ রানে আউট হন শাহনেওয়াজ ধানি। আর ১৩ রানে অপরাজিত থাকেন হ্যারিস রউফ।

ভারতের পক্ষে সর্বোচ্চ চারটি উইকেট নেন ডানহাতি পেসার ভুবনেশ্বর কুমার। তিনটি উইকেট পেয়েছেন হার্দিক পান্ডিয়া। এছাড়া আর্শদ্বীপ সিং দুটি ও আভেশ খান একটি করে উইকেট পেয়েছেন।

সিলেটভিউ২৪ডটকম/ঢাটা/ইআ-০৬