সিলেট জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৭ অক্টোবর। জেলা পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত ফেঞ্চুগঞ্জ উপজেলা। ইতিমধ্যে ফেঞ্চুগঞ্জ উপজেলা হতে আগ্রহী প্রার্থী ও ৫ ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার ভোটারদের মধ্যে ব্যাপক আগ্রহ ও আলোচনা দেখা যাচ্ছে। চলছে নানা হিসেব নিকেশ।
জেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদের উল্লেখযোগ্য আভাস পাওয়া না গেলেও পরিষদের ৩ নম্বর ওয়ার্ডে ফেঞ্চুগঞ্জ থেকে আলোচনায় উঠে এসেছেন সদর ইউনিয়ন আওয়ামী লীগের কার্য নির্বাহী সদস্য, পশ্চিম বাজার আবাসিক পঞ্চায়েতের সভাপতি নাহিদ হাসান চৌধুরী।
তিনি সিলেটভিউকে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আমি নির্বাচিত হলে যথাযথ দায়িত্ব পালনের পাশাপাশি এই ওয়ার্ডের আর্থসামাজিক অগ্রগতির দিকে সচেষ্ট থাকবো।’
অন্যদিকে একই ওয়ার্ডে আলোচনায় আছেন বর্তমান জেলা পরিষদের সদস্য আব্দুল আওয়াল কয়েস তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে ঘোষণা দিয়েছেন।
এই দুজনকে ঘিরে ফেঞ্চুগঞ্জে চলছে ভোটের হিসেব নিকেশ। এই ওয়ার্ডে ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শহিদুর রহমান রুমানের নাম শোনা গেলেও বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।
প্রসঙ্গত, নির্বাচন কমিশন তফসিল সূত্রে জানা যায়, সিলেট জেলা পরিষদের নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামী ১৫ই সেপ্টেম্বর, প্রতীক বরাদ্দ ২৬ সেপ্টেম্বর ও ভোটগ্রহণ হবে ১৭ অক্টোবর।
সিলেটভিউ২৪ডটকম/পিডি




