'জীবন ও স্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্য' প্রতিপাদ্যকে সামনে রেখে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
নিরাপদ খাদ্য নিশ্চিতের লক্ষ্যে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ মঙ্গলবার (৩০আগস্ট) সকালে বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটরিয়ামে এ সেমিনারটির আয়োজন করেন।
খাদ্য আইন, বিধি ও প্রবিধিমালার প্রয়োগ শীর্ষক এই সেমিনারটিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শাবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক আমিনা পারভীন,বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ সচিব আব্দুন নাসের খান। এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকরা সেমিনারে উপস্থিত ছিলেন।

সেমিনারে সভাপতিত্ব করেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষে যুগ্ম সচিব ও সদস্য মোঃ রেজাউল করিম এনডিসি।
সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদ বলেন, নিরাপদ খাদ্য গ্রহণের ক্ষেত্রে সব থেকে বেশি যেটা প্রয়োজন তা হচ্ছে সচেতনতা। দেশে খাদ্যের মান যাচাইয়ের জন্য বিএসটিআই আছে। তবে খাদ্যের প্যাকেটের উপর এর লেভেল লাগিয়ে দেয়ার মধ্যেই যেন তা সীমাবদ্ধ না থাকে। যথাযথ কর্তৃপক্ষের উচিৎ খাদ্যের মান যাচাই করে তা বাজারকরণ করা।
তিনি বলেন, আমরা খুবই আনন্দিত যে আমাদের বিশ্ববিদ্যালয়ে ফুড ইঞ্জিনিয়ারিং নিয়ে একটি বিভাগ আছে। তারা দেশ বিদেশে খাদ্য নিয়ে গবেষণা করে যাচ্ছে। আমাদের দেশে খাদ্য সামগ্রীতে যে বিষাক্ত কেমিক্যাল মিশানো হতো তা থেকে আমরা অনেকটা বেরিয়ে এসেছি। আশাকরি নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ভেজালমুক্ত খাবারের ক্ষেত্রে আরও বেশি নজরদারি বাড়াবে।
সিলেটভিউ২৪ডটকম/নোমান/ইআ-১৯




