শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে সিলেটের শীর্ষস্থানীয় বেসরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান মেট্রোপলিটন ইউনিভার্সিটি ক্যাম্পাসে সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড যথারীতি নিষিদ্ধ থাকবে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ জামাল উদ্দিন স্বাক্ষরিত এক নোটিসে এই তথ্য জানানো হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ শাখা গতকাল বৃহস্পতিবার জানায়, নোটিসে উল্লেখ করা হয়েছে, ‘মেট্রোপলিটন ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ড ও সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যেকোনো প্রকার রাজনৈতিক কর্মকাণ্ড যথারীতি নিষিদ্ধ থাকবে। বিদ্যায়তনিক পরিবেশ বজায় রাখার জন্য শুধু বিশ্ববিদ্যালয় অনুমোদিত ক্লাব ও সোসাইটির সাথে সম্পৃক্ত থাকার জন্য ছাত্রছাত্রীদের পরামর্শ দেওয়া যাচ্ছে। এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সকলের সহযোগিতা কামনা করছেন।’


নোটিসে আরও উল্লেখ করা হয়েছে, মেট্রোপলিটন ইউনিভার্সিটি ক্যাম্পাস র‌্যাগিং ও ধুমপানমুক্তসহ যেকোনো ধরনের হয়রানিমুক্ত।

সিলেটভিউ২৪ডটকম/আরআই-কে