সিলেট নগরীর দক্ষিণ সুরমার হবিনন্দি এলাকায় সিলেট মেট্রোপলিটন পুলিশ কর্তৃক নির্মিত অস্থায়ী স্থাপনাটি অপসারণের নির্দেশ দিয়েছেন সিলেট সিটি কর্পোরেশন। 


গত ২২ আগস্ট রাস্তা সংস্কারের স্বার্থে সুরমা ডাইক হতে অস্থায়ী স্থাপনা অপসারণে জন্য সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার বরাবরে পত্রটি প্রেরণ করা হয়।  



পত্রে বলা হয়, নগরীর দক্ষিণ সুরমার ২৭নং ওয়ার্ডের ১০৭নং হবিনন্দি মৌজার ১নং খাস খতিয়ান ভুক্ত সেঃজঃ ৩৫.৩ ও ৪০৬ নং দাগে অবস্থিত সুরম ডাইকের উপর সিলেট মেট্রোপলিটন পুলিশ কর্তৃক নির্মিত অস্থায়ী স্থাপনা বিদ্যমান রয়েছে। জননেত্রী শেখ হাসিনা শিশু পার্ক হয়ে আলমপুর সরকারি হাই স্কুল পর্যন্ত রাস্তা এসফল্ট দ্বারা উন্নয়নের পরিকল্পনা রয়েছে। তাছাড়া ফেরিঘাট হতে আলমপুর বিভাগীয় অফিস পর্যন্ত রাস্তা এসফল্ট দ্বারা উন্নয়নের প্রস্তাবনা রয়েছে।


এমতাবস্থায় রাস্তা সংস্কারের স্বার্থে সুরমা ডাইক হতে সিলেট মেট্রোপলিটন পুলিশ কর্তৃক নির্মিত অস্থায়ী স্থাপনাটি অপসারণের জন্য নির্দেশ দিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা অতিরিক্ত সচিব বিধায়ক রায় চৌধুরী।


এর আগে ২৯ মে রোববার দুপুরে নগর ভবনে দক্ষিণ সুরমা নাগরিক কমিটির নেতৃবৃন্দ সহ আলমপুর, গঙ্গানগর, হবিনন্দি, পালপুর, দক্ষিণ কুশিঘাট, সামাল হাসান, মজলিসপুর, মনিপুর, গঙ্গারামের চক, ছিটা গোটটিকর, ছিটা শ্রীরামপুর, রুকনপুর গ্রামের বাসিন্দারা সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং অবৈধ স্থাপনা অপসারণ ও সুরমা ডাইক পাকা সড়ক নির্মাণের দাবীতে স্মারকলিপি প্রদান করেন।


স্মারকলিপি পরিপ্রেক্ষিতে সিলেট সিটি কর্পোরেশন সিলেট মেট্রোপলিটন পুলিশ কর্তৃক নির্মিত অস্থায়ী স্থাপনাটি অপসারণের জন্য নির্দেশ দিয়েছে।

 

সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/জেপি