কিছুদিন আগে সিলেটে কাঁচা মরিচের দাম ছিলো যেন আকাশছোঁয়া। মধ্যখানে কমেছিলো সে দাম। তবে সিলেটে ফের কাঁচা মরিচের দাম ঊর্ধ্বমুখী। 

জানা গেছে, গত দুই দিন ধরে সিলেটের খুচরা ও পাইকারি বাজারে প্রতি কেজি কাঁচা মরিচ ১০০ টাকার ওপরে বিক্রি হচ্ছে। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সকালে সিলেটের পাইকারি ও খুচরা বাজার ঘুরে এমন তথ্য পাওয়া গেছে।


বৃহস্পতিবার সিলেটের কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, পাইকারি বাজারে বৃহস্পতিবার সকালে কাঁচা মরিচের পাল্লা (৫ কেজি) বিক্রি হয়েছে ৫০০ থেকে ৫৫০ টাকায়। ওই হিসাবে প্রতি কেজি কাঁচা মরিচের দাম পড়ছে ১০০ থেকে ১১০ টাকা। খুচরা বাজারে গিয়ে এই মরিচ বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৫০ টাকায়। এক সপ্তাহ আগে সিলেটের পাইকারি বাজারে ৪০ থেকে ৫০ টাকা দরে প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হয়েছে। ওই সময় খুচরা বাজারে কাঁচা মরিচের দাম ছিল ৬০ থেকে ৭০ টাকা।

সিলেটের সোবহানীঘাট কাঁচাবাজারের ব্যবসায়ীরা জানিয়েছেন- গত সপ্তাহে পাইকারি বাজারে কাঁচা মরিচের দাম ৫০ টাকায় নেমেছিল। তবে কয়েক দিন ধরে বৃষ্টির কারণে বাজারে কাঁচা মরিচের কিছুটা সংকট সৃষ্টি হয়েছে। এতে দাম বেড়েছে। 

ব্যবসায়ীরা বলছেন- উত্তরবঙ্গ থেকে সিলেটে মরিচ আনা হয়। সেখানে বৃষ্টিবাদলের কারণে মরিচগাছ নষ্ট হয়ে গেছে। এতে মরিচের দাম বেড়ে গেছে।

মরিচ কিনতে আসা এক ক্রেতা বলেন, কাঁচা মরিচে কিছুটা স্বস্তি বিরাজ করছিলো। কিন্তু আজ বাজারে এসে দেখি ফের দাম বেড়ে গেছে। তরকারি বা ভর্তা-ভাজির কাজে কাঁচা একটি অন্যতম উপাধান। কিন্তু ফের দাম বেড়ে যাওয়ায় আমরা নিম্ন আয়ের মানুষ আবারও বিপাকে পড়েছি।  

সিলেটভিউ২৪ডটকম / ডালিম